বকেয়া পরিশোধ করতে বলায় ছাত্রলীগের ভাঙচুর
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের বকেয়া পরিশোধ করতে বলায় পরীক্ষা নিয়ন্ত্রকের কক্ষ ভাঙচুর করেছেন ছাত্রলীগের একদল নেতা-কর্মী। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএর এক শিক্ষার্থীকে নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা সাময়িক সনদ তুলতে পরীক্ষা নিয়ন্ত্রক মমিনুল হকের কাছে যান। পরীক্ষা নিয়ন্ত্রক শিক্ষার্থীর বকেয়া বেতন ও ফি ৭২ হাজার টাকা পরিশোধ করতে বলেন। কিন্তু বকেয়া টাকা পরিশোধ না করেই তাঁরা সনদ দেওয়ার জন্য পরীক্ষা নিয়ন্ত্রককে চাপ দেন। একপর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীরা পরীক্ষা নিয়ন্ত্রকের কক্ষে প্রবেশ করে নথিপত্র ও আসবাব তছনছ করেন। এ সময় তাঁদের হাতে কয়েকজন শিক্ষকও লাঞ্ছিত হন। এ অবস্থায় পুলিশে খবর দেওয়া হয়। সিলেট কোতোয়ালি থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা তারেক উদ্দিন জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশকে বলা হয়েছে।
মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার দাশ জানান, পরীক্ষা নিয়ন্ত্রক জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।