বকেয়া পরিশোধের দাবিতে টঙ্গীতে কারখানায় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মাসের বকেয়া বেতন ও উৎসব ভাতার দাবিতে গাজীপুরে টঙ্গীতে গতকাল মঙ্গলবার কারখানায় ভাঙচুর করেছেন ওয়াটারলিলি গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকেরা।
এদিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মেট্রো নিটিং ও বিকন নিটওয়্যারের চাকরিচ্যুত ৪০১ জন শ্রমিকের সব পাওনা গতকাল পরিশোধ করা হয়েছে। নারায়ণগঞ্জ শহরে অবস্থিত বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রধান কার্যালয়ে প্রায় এক কোটি ২৬ লাখ টাকা পরিশোধ করা হয়।
ওয়াটারলিলি গার্মেন্টসের কয়েকজন শ্রমিক জানান, টঙ্গীর চেরাগআলীতে অবস্থিত ওই কারখানার ২০০ শ্রমিকের দুই মাসের বকেয়া বেতন ও ঈদুল আজহার উৎসব ভাতা গতকাল সকালে পরিশোধের কথা ছিল। কিন্তু কারখানার মালিক ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান সরকার দুপুরের মধ্যেও বকেয়া পরিশোধ না করে গা ঢাকা দেন। কারখানার কর্মকর্তারা তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও বিফল হন। এরপর শ্রমিকেরা উত্তেজিত হয়ে কারখানার আসবাব ও সেলাই মেশিনসহ অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করেন।
একপর্যায়ে শ্রমিকেরা কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে শিল্পাঞ্চল পুলিশ ও টঙ্গী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের শান্ত করে। শ্রমিকেরা সন্ধ্যা পর্যন্ত থেকে চলে যান।
এ ব্যাপারে কারখানার মালিক শাহজাহান সরকারের মুঠোফোনে একাধিক বার কল দিলেও তিনি ফোন ধরেননি।
টঙ্গী মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহফুজুর রহমান বলেন, তাঁরা কারখানা মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এখনো কোনো হদিস পাওয়া যায়নি।
বিকেএমইএর পরিচালক জি এম ফারুক জানান, শ্রমিক অসন্তোষের কারণে গত ১১ নভেম্বর ফতুল্লা শিল্পাঞ্চলের সাতটি রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিক কর্তৃপক্ষ। শ্রমিক অসন্তোষ ও কারখানায় ভাঙচুরের অভিযোগে মেট্রো গ্রুপের মেট্রো নিটিং ও বিকন নিটওয়্যার কর্তৃপক্ষ শ্রম আইন অনুযায়ী ৪০১ জন শ্রমিককে চাকরিচ্যুত করে। শ্রম আইন অনুযায়ী ওই শ্রমিকদের সব পাওনা গতকাল দুপুরে বিকেএমইএর প্রধান কার্যালয়ে পরিশোধ করা হয়। একই সঙ্গে বন্ধ থাকা ওই দুটি প্রতিষ্ঠান আগামী শনিবার খুলে দেওয়া হবে। দুটি কারখানায় প্রায় ছয় হাজার শ্রমিক কাজ করেন।