বকেয়া বিদ্যুৎ বিল পাঁচ হাজার কোটি টাকা
বর্তমানে দেশে বিদ্যুতের বকেয়া বিলের পরিমাণ ৫ হাজার ৩৮১ কোটি টাকা বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
জাতীয় পার্টির (জাপা) সালমা ইসলামের এ সম্পর্কিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বিদ্যুতের বকেয়া বিল আদায়ে খেলাপি গ্রাহকদের তালিকা তৈরি করা হয়েছে। বকেয়া আদায়ের জন্য বিশেষ অভিযান পরিচালনা করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রশ্নোত্তর পর্বের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল সাড়ে চারটার দিকে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
তরিকত ফেডারেশনের এম এ আউয়ালের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে গ্যাসের দৈনিক চাহিদা দুই হাজার ৭৪০ মিলিয়ন ঘনফুট। গত সাত বছরে গ্যাসের উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়লেও এখনো দৈনিক ঘাটতি প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট।
সরকারি দলের মামুনুর রশীদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন ১৮ লাখ গ্রাহক সংযোগ প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ১১ দশমিক ৬১ লাখ গ্রাহককে সংযোগ দেওয়া হয়েছে। ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে বাকিদের সংযোগ দেওয়া হবে।
এনামুল হকের প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, ২০০৯ থেকে বর্তমান পর্যন্ত ৭৩টি নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়েছে। বর্তমানে সরকারি খাতে ১৪ এবং বেসরকারি খাতে ১৩টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন আছে। এসব কেন্দ্র থেকে মোট ছয় হাজার ৯৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।
এদিকে মুহিবুর রহমানের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ছাতক সিমেন্ট কারখানাকে ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেসে রূপান্তর করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ বছরের জুলাই মাসে এর কাজ শুরু হবে। শেষ হতে সময় লাগবে চার বছর। পিনু খানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ টেলিভিশন, ট্রান্সফরমার, বৈদ্যুতিক তার, জেনারেটর, গাড়ির যন্ত্রাংশ, সার্কিট, রেফ্রিজারেটর, ইলেকট্রিক সুইচ ইত্যাদি রপ্তানি করে ৯০ দশমিক ১১ মিলিয়ন ডলার আয় করেছে। অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, জার্মানি, কানাডা, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, চীন, যুক্তরাষ্ট্র, ইতালি, নরওয়ে, হাঙ্গেরি, গ্রিস, কুয়েত, প্যারাগুয়ে, উরুগুয়ে ও নিউজিল্যান্ডসহ আরও কিছু দেশে এসব পণ্য রপ্তানি করা হয়েছে।