বকেয়া বিল ও অবৈধ সংযোগের দায়ে মামলা
১৬ লাখ টাকার বেশি বিদ্যুৎ বিল বকেয়া এবং অবৈধ সংযোগের কারণে নগরের কয়েকটি এলাকায় সাতজনের জনের বিরুদ্ধে মামলা ও তাঁদের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারী দুজনকে মোট ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চট্টগ্রামের বিদ্যুৎ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মহিউদ্দিন এ অভিযান চালান। এ সময় পিডিবির পাথরঘাটা বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামাল হোসেন উপস্থিত ছিলেন।
পিডিবির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (জনসংযোগ) মো. মনিরুজ্জামান জানান, নগরের আলকরণ, সদরঘাট, আলী আশরাফ রোড ও গণি বেকারি এলাকায় অভিযান চালানো হয়েছে। অভিযানে সাতজনের বিরুদ্ধে মামলা ও তাঁদের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এঁদের মধ্যে পাঁচজন বিলখেলাপি ও দুজন অবৈধ ব্যবহারকারী।