নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর লালপুর আঞ্চলিক কার্যালয়ের আওতায় গ্রাহকদের কাছে প্রায় এক কোটি ৩৫ লাখ টাকা বিল বকেয়া রয়েছে। এর মধ্যে বেসরকারি খাতে এক কোটি ২০ লাখ এবং সরকারি খাতে ১৫ লাখ টাকার মতো বকেয়া আছে।পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ উপজেলা পরিষদের আবাসিক ভবনে ব্যবহূত বিদ্যুতের বকেয়া বিল পরিশোধের জন্য ১০ জন সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) চিঠি দিয়েছে।পল্লী বিদ্যুতের লালপুর কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সিরাজুল হক জানান, বকেয়া বিল পরিশোধের জন্য তাগাদা দিয়ে বিভিন্ন ব্যক্তি ও দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে সংযোগ বিচ্ছিন্নকরণ, আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। লালপুর আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় আটটি খাতে প্রায় এক কোটি ২০ লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এর মধ্যে আবাসিক খাতে ৭১ লাখ টাকা, ক্ষুদ্রশিল্প খাতে ১৮ লাখ, বৃহৎশিল্প খাতে এক লাখ, বাণিজ্যিক খাতে ১৫ লাখ, সেচ খাতে সাত লাখ, দাতব্য খাতে চার লাখ, সড়কবাতি খাতে তিন লাখ ও সোলার খাতে দেড় লাখ টাকার মতো বকেয়া রয়েছে।সরকারি বিভিন্ন দপ্তরে বকেয়া আছে প্রায় ১৫ লাখ টাকা। এর মধ্যে উপজেলা পরিষদের সাড়ে তিন লাখ, গোপালপুর পৌরসভা সোয়া তিন লাখ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পৌনে দুই লাখ, যুব উন্নয়ন অধিদপ্তর এক লাখ, বিএমডিএ ৯৭ হাজার, থানা-পুলিশ ৯৫ হাজার, রেলওয়ে বিভাগের কাছে ৭৫ হাজার টাকার মতো বকেয়া আছে।চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ১০ জন সাবেক ইউএনওর আবাসিক ভবনের বকেয়া বিদ্যুৎ বিল রয়েছে ৩০ হাজার ৩৫৯ টাকা। তাঁদের মধ্যে সর্বশেষ বদলি হওয়া ইউএনওর কাছে পাওনা রয়েছে ১৬ হাজার ২৩৩ টাকা।সম্প্র্রতি বদলি হওয়া ইউএনও আবদুর রহমান জানান, আবাসিক ভবনের বিল তিনি ব্যক্তিগতভাবে পরিশোধ করবেন। তাঁর নামে বিল দাখিলের জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানিয়েছেন। বর্তমান ইউএনও আমিরুল ইসলাম জানান, পরিষদের নিজ নিজ বিভাগ তাদের বিদ্যুৎ বিল পরিশোধ করে থাকে। আবাসিক ভবনের বিল ব্যক্তিগতভাবে পরিশোধ করবেন।উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক জানান, অনেক আগের কিছু বিদ্যুৎ বিল পরিশোধ ছিল না। সম্প্রতি বেশ কিছু বিল পরিশোধ করা হয়েছে। বকেয়া পরিশোধে পদক্ষেপ নেওয়া হবে।গোপালপুর পৌরসভার মেয়র মনজুরুল ইসলাম জানান, প্রয়োজন অনুযায়ী রাজস্ব আদায় না হওয়ায় সময়মতো বিল পরিশোধ করা সম্ভব হয়নি। পর্যায়ক্রমে সব বিল পরিশোধ করা হবে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, থানার বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধ করা হয়। ব্যক্তিগত ও আবাসিক বিদ্যুৎ বিল বকেয়া থাকলে নিজেরা সেটা পরিশোধ করবেন।