বকেয়া বিলের খবরে আ খ ম জাহাঙ্গীরের প্রতিবাদ
প্রথম আলোয় গত শনিবার প্রকাশিত ‘অনেক সাংসদ ফোনবিল দেন না’ শিরোনামের সংবাদে পটুয়াখালী-৩ আসনের সাবেক সাংসদ আ খ ম জাহাঙ্গীর হোসাইনের বকেয়া বিল ৯৩ হাজার ৭২৫ টাকা বলে উল্লেখ করা হয়েছে। এ তথ্যের উৎস ছিল সরকারি সংস্থা বিটিসিএলের একটি প্রতিবেদন। তথ্যটি সত্য নয় উল্লেখ করে আ খ ম জাহাঙ্গীর হোসাইনের পক্ষে একটি প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।প্রতিবাদে বলা হয়, ২০০৮ সালের ২৪ জানুয়ারি বিটিসিএলের বিল ২৪ কিস্তিতে পুরোপুরি পরিশোধ করা হয়েছে। বিষয়টি সম্পর্কে বিটিসিএলে খোঁজ নেওয়া হলে জানা যায়, বেসিক ব্যাংক ও বিটিসিএলের রাজস্ব বিভাগের মধ্যে সমন্বয়হীনতার কারণে সাম্প্রতিক প্রতিবেদনে ওই বিল বাকি দেখানো হয়েছে। বিটিসিএলের জনসংযোগ বিভাগের পরিচালক মীর মোহাম্মদ মোরশেদ এ কথা জানিয়ে বলেন, সাংসদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য বিটিসিএল দুঃখ প্রকাশ করেছে।