রাজশাহীতে রেশম বোর্ডের কর্মচারীদের বকেয়া বেতন দাবি এবং চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে গতকাল বুধবার কর্মচারীরা মহাপরিচালককে অবরুদ্ধ করে রাখেন।
রেশম বোর্ড সূত্র জানায়, রেশম শিল্পের উন্নয়ন শীর্ষক প্রকল্পের অধীনে ১৯৮১ থেকে ১৯৮৫ সালের মধ্যে ৫০ জন কর্মচারী নিয়োগ দেওয়া হয়। ২০০২ সালে তাঁদের বেতন বন্ধ করে দেওয়া হয়। এরপর তাঁরা আদালতের শরণাপন্ন হন। সেখানে তাঁরা জয়ী হন। রেশম বোর্ড রিভিউ আবেদন করলেও হেরে যায়। আদালত থেকে কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়। বিষয়টি এখন প্রক্রিয়াধীন। এই অবস্থায় রেশম বোর্ড কর্মচারীদের তিন মাস অন্তর থোক বরাদ্দ থেকে বেতন দিচ্ছিল। গত সেপ্টেম্বরে সর্বশেষ তাঁদের থোক বরাদ্দ আসে। অক্টোবরে কর্তৃপক্ষ স্থানীয়ভাবে শুধু এক মাসের বেতন দেয়। কিন্তু পরবর্তী তিন মাসে আর বেতন দেওয়া হয়নি।
সূত্রটি জানায়, ইতিমধ্যে ৫০ জন কর্মচারীর মধ্যে ৮ জন মারা গেছেন ও ৩ জন অবসরে গেছেন। বাকি ৩৯ জন কর্মচারী গতকাল সকাল ১০টা থেকে রাজশাহী নগরের ভদ্রা এলাকায় অবস্থিত মহাপরিচালকের কার্যালয় ঘেরাও করে তাঁকে অবরুদ্ধ করে রাখেন। বিকেল সাড়ে চারটার দিকে মহাপরিচালকের কার্যালয়ে গিয়ে দেখা যায়, কর্মচারীরা অনড় অবস্থানে রয়েছেন। এ সময় কর্মচারীদের পক্ষে গোলাম মর্তুজা প্রথম আলোকে বলেন, অন্তত লিখিতভাবে বেতন দেওয়ার ব্যাপারে কোনো প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত তাঁরা রাতেও তাঁদের অবস্থান ছাড়বেন না। পরে বিকেল পাঁচটার দিকে কর্তৃপক্ষ আগামী রোববার দুই মাসের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে কর্মচারীরা অবরোধ তুলে নেন।
বোর্ডের মহাপরিচালক আনিসুল হক ভূঞা বলেন, কর্মচারীরা মামলায় জয়ী হয়েছেন এটা ঠিক এবং তাঁদের চাকরি জাতীয়করণের বিষয়টিও প্রক্রিয়াধীন। সেটা হবে। তিনি বলেন, থোক বরাদ্দ থেকে যেভাবে বেতন দেওয়া হতো, এবার সেভাবে বেতন দেওয়া যায়নি। কারণ, বরাদ্দটি এবার আসেনি। বিষয়টি তিনি মন্ত্রণালয়কে জানিয়েছেন। কর্মচারীরা বিকল্প কোনো খাত থেকে বেতন দেওয়ার দাবি জানাচ্ছেন।