বকেয়া বেতন দাবি ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল রোববার বকেয়া বেতন দাবি এবং শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন। শহরের চাষাঢ়ায় অবস্থিত শ্রম পরিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের সামনে রহমান গার্মেন্টসের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। ওই প্রতিষ্ঠানের শ্রমিকেরা অভিযোগ করেন, ফতুল্লার কুতুব আইলে অবস্থিত রহমান গার্মেন্টসের ১৫০ জন শ্রমিককে কোনো নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করেছে মালিকপক্ষ। তাঁদের বকেয়া বেতনও পরিশোধ করা হয়নি। শ্রমিকেরা বেতন চাইতে গেলে কারখানার উৎপাদন ব্যবস্থাপক (পিএম) আশরাফ হোসেন তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাঁদের ওপর সন্ত্রাসী লেলিয়ে দেওয়া হবে বলে হুমকি দেন। তাঁদের এপ্রিল মাসের বকেয়া বেতন দেওয়া হয়নি। এ ছাড়া চলতি মাসেরও বেতন দেওয়া হয়নি বলে তাঁরা জানান। এ বিষয়ে শ্রম পরিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের (চাষাঢ়া) শ্রম পরিদর্শক জাকির হোসেন জানান, শ্রমিকেরা তাঁদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। কারখানার মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।