বকেয়া বেতন নিয়ে মালিকপক্ষ-শ্রমিক সংঘর্ষ, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব মৌচাক এলাকার সন্দ্বীপ টেক্সটাইল কারখানায় গতকাল শুক্রবার বকেয়া বেতন নিয়ে মালিকপক্ষের লোকজন ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, গত জানুয়ারি মাসের বেতনের জন্য কারখানার ৩০-৩৫ জন চাকরিচ্যুত শ্রমিক গতকাল বিকেলে কারখানার হিসাব বিভাগে যান। এ সময় তাঁদের বেতন দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়। এতে শ্রমিকেরা উত্তেজিত হয়ে হিসাব বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে মালিকপক্ষের লোকজন শ্রমিকদের ওপর হামলা চালান। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ঘটনার সময় কারখানার নিরাপত্তাকর্মীসহ অন্য কর্মীরা কয়েকজন শ্রমিককে আটকে রেখে মারধর করেন। শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। তাঁদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। কারখানার পরিচালক আবদুল খালেক বলেন, ‘গত মাসের বেতনের জন্য শ্রমিকেরা কারখানায় এসে হিসাব শাখায় হামলা চালিয়ে লুটপাট করতে থাকলে স্টাফ ও নিরাপত্তাকর্মীদের দিয়ে তাঁদের প্রতিহত করা হয়। এ সময় কারখানার স্টাফ ও কয়েকজন শ্রমিক আহত হন।’