বকেয়া বেতন-ভাতার দাবিতে চট্টগ্রাম নগর ভবন ঘেরাও
চট্টগ্রাম সিটি করপোরেশন ও এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে পরিচালিত ৩৮টি নগর স্বাস্থ্যকেন্দ্রকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত এবং বকেয়া বেতনের দাবিতে গতকাল সোমবার নগর ভবন ঘেরাও করেন কর্মচারী-কর্মকর্তারা। এসব স্বাস্থ্যকেন্দ্রে ৫৯০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। জানা যায়, ২০০১ সাল থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রকল্পভুক্ত চালু থাকা ৩৬টি নগর (আরবান) স্বাস্থ্যকেন্দ্র ও দুটি মাতৃসদনের মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে।জানুয়ারি থেকে এ প্রকল্প সিসিসিতে অন্তর্ভুক্ত করে, তা চালু রাখা ও কর্মকর্তা-কর্মচারীদের চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সিটি মেয়র এম মন্জুর আলম বরাবর স্মারকলিপিও দেন তাঁরা। এ সময় মেয়র কর্মকর্তা-কর্মচারীদের আশ্বাস দিয়ে বলেন, এডিবির এ প্রকল্পের মেয়াদ না বাড়ালে নগর স্বাস্থ্যকেন্দ্র ও মাতৃসদনগুলো সিটি করপোরেশনের তহবিল থেকে চালু রাখা হবে। এ আশ্বাস পেয়ে কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের আন্দোলন কর্মসূচি স্থগিত করেন। নগর স্বাস্থ্যকেন্দ্র কল্যাণ পরিষদের সভাপতি নাজিম উদ্দিন বলেন, ‘মেয়র সব স্বাস্থ্যকেন্দ্র ও মাতৃসদন চালু রাখার বিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন। আমাদের কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতনও আগামী জানুয়ারিতে পরিশোধ করবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন। এ জন্য আমরা আপাতত কর্মসূচি স্থগিত করেছি। নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হলে আমরা বৃহত্তর আন্দোলেন যাবো।’