বকেয়া বেতন-ভাতার দাবিতে শিক্ষা কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নলডাঙ্গা উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে দপ্তরি কাম প্রহরী ১১ মাস আগে নিয়োগ পেলেও এখন পর্যন্ত তাঁরা বেতন-ভাতা পাননি। বকেয়া বেতনের দাবিতে তাঁরা গত রোববার থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের এপ্রিলে ওই দপ্তরি কাম প্রহরীদের নিয়োগ দেওয়া হয়। তাঁরা তখন থেকে নিজ নিজ প্রতিষ্ঠানে কাজে যোগ দিয়ে দায়িত্ব পালন করছেন। কিন্তু এখন পর্যন্ত তাঁরা কোনো বেতন-ভাতা পাননি। বকেয়া বেতন-ভাতা শিগগির পরিশোধের দাবিতে তাঁরা রোববার সকাল থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে সেখানে অবস্থান নেন। গতকাল সোমবারও তাঁরা এ কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারী পাটুল হাফানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি গোলাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা তো সবাই গরিব মানুষ। বেতন-ভাতা না পেলে স্ত্রী-সন্তান নিয়ে আমাদের না খেয়ে মরতে হবে।’
জিয়াউর রহমান নামের একজন বলেন, এ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তাঁরা উপজেলা শিক্ষা কার্যালয় ঘেরাও কর্মসূচি অব্যাহত রাখবেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ বলেন, দপ্তরি পদে নিয়োগের পরপরই নিয়োগবঞ্চিত এক ব্যক্তি নিয়োগ প্রদানের ক্ষমতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন।
এই প্রেক্ষাপটে দপ্তরিদের বেতন-ভাতা বন্ধ থাকে। তিনি আরও বলেন, রিট আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি না হওয়া পর্যন্ত আদালত চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি দপ্তরি কাম প্রহরী পদে নিয়োগের ক্ষেত্রে স্থগিতাদেশ দিয়েছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (অর্থ) এফ এম এনামুল হক স্বাক্ষরিত এক চিঠির সূত্রে তাঁরা এ তথ্য জানতে পেরেছেন।
তাঁর কার্যালয় অবরুদ্ধ করে রাখার বিষয়টি নিশ্চিত করে পরিমল কুমার ঘোষ বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমীন জাহান বলেন, সোমবার দুপুর সাড়ে ১২টায় তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে যান। পরে আন্দোলনকারীদের বুঝিয়ে বললে তাঁরা প্রধান ফটকের তালা খুলে দেন।