পাবনার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) একটি কারখানা ঘোষণা ছাড়াই বন্ধ করে দিয়ে মালিকপক্ষ লাপাত্তা হয়েছে। কারখানা চালু ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে গতকাল রোববার দুপুরে কারখানার সাড়ে তিন শ শ্রমিক-কর্মচারী ঈশ্বরদী প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন।
এর আগে শ্রমিক-কর্মচারীরা ইপিজেডের সামনে ওই দাবিতে একত্র হলে ইপিজেডের নিরাপত্তাকর্মীরা তাঁদের সেখান থেকে তাড়িয়ে দেন। পরে শ্রমিক-কর্মচারীরা সেখান থেকে চলে এসে ঈশ্বরদী প্রেসক্লাবের সামনে ওইবিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন।কারখানা বন্ধ থাকায় শ্রমিক-কর্মচারীরা দীর্ঘ ছয় মাস ধরে তাঁদের বেতন-ভাতা পাচ্ছেন না।
ওই কারখানার কয়েকজন শ্রমিক-কর্মচারীরা বলেন, ২০১৩ সালের ৮ জানুয়ারি থেকে ঈশ্বরদী ইপিজেডে ‘এ অ্যান্ড এ ট্রাভেলিং গুডস বাংলাদেশ লিমিটেড’ নামে চামড়ার ব্যাগ তৈরির একটি কারখানা উৎপাদন শুরু করে। তখন থেকে কারখানায় শ্রমিক-কর্মচারীরা কাজ করছেন। কারখানার মালিক কোরিয়ান।
কয়েকজন শ্রমিক-কর্মচারী অভিযোগ করে বলেন, গত ১০ জানুয়ারি কারখানার কয়েকজন কর্মকর্তা মালিকপক্ষের লোকসানের অজুহাত দেখিয়ে তাঁদের পাঁচ দিন ছুটির ঘোষণা দেন। পাঁচ দিন পর ১৬ জানুয়ারি কাজে এলে কারখানার হিসাব ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন বলেন, মালিক কারখানা বন্ধ ঘোষণা করতে বলেছেন। কারণ জানতে চাইলে তিনি বলেন, মালিক ব্যবসায় লোকসান ঠেকাতে এ কারখানাটি বন্ধ করতে তাঁদের নির্দেশ দিয়েছেন। তাঁদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের জন্য তিনি ঈশ্বরদী ইপিজেডের মহাব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।
গতকাল দুপুরে বিক্ষোভ-সমাবেশ শেষে কয়েকজন শ্রমিক-কর্মচারী কান্নাজড়িত কণ্ঠে বলেন, কারখানার মালিকপক্ষ তাঁদের ডিসেম্বর মাস থেকে মে মাস পর্যন্ত ছয় মাসের বেতন-ভাতা পরিশোধ না করে পালিয়ে গেছে। বেতন না পাওয়ায় তাঁরা মানবেতর জীবনযাপন করছেন।
মুরাদ হোসেন নামে কারখানার এক শ্রমিক বলেন, বেতন না পাওয়ায় তাঁর সংসারে অভাব-অনটন চলছে। রিজিয়া খাতুন বলেন, তিনি চার-পাঁচ মাস ধরে ঋণ করে সংসার চালাচ্ছেন। কারখানার হিসাব ব্যবস্থাপক তাঁদের গতকাল কারখানায় আসতে বলেছিলেন খোঁজখবর নিতে। কিন্তু কারখানায় এসে জানতে পারেন, মালিক পালিয়েছেন। এ অবস্থায় বকেয়া বেতন-ভাতা ও তাঁদের ভবিষ্য-তহবিলের টাকা পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
ঈশ্বরদী ইপিজেডের মহাব্যবস্থাপক (জিএম) শাহ আলম সরকার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কারখানার মালিক কোরিয়ার। তাঁরা শুরু থেকে ইপিজেডে কারখানা স্থাপনের নীতিমালা ও প্রতিশ্রুতি ভঙ্গ করে চলছেন। তাঁদের কাছে ইপিজেডের পাওনা রয়েছে ৭০ হাজার ডলার। বেপজা থেকে অনেকবার চেষ্টা করা হয়েছে টাকা আদায়ে। কিন্তু তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না।
কারখানার হিসাব ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন বলেন, মালিক তাঁকে কারখানা দেখার দায়িত্ব দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। তিনি কোনো যোগাযোগ করছেন না। এ অবস্থায় শ্রমিক-কর্মচারীদের পাওনার বিষয় নিয়ে আলোচনা করতে তিনি ইপিজেডের জিএমকে বলেছেন।