বকেয়া বেতন শোধ ও মজুরি বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার একটি কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও মজুরি বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।
ফতুল্লার কায়েমপুরে অবস্থিত এ কারখানার নাম টু-ডেজ নিট ফ্যাশন। কারখানার শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন টু-ডেজ নিট ফ্যাশনের শ্রমিকনেত্রী রোকসানা। এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা সভাপতি এম এ শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জ্যেষ্ঠ নেতা দুলাল সাহা ও আবদুস সালাম বাবুল, কারখানার নারী শ্রমিক নাসিমা ও জোসনা।
শ্রমিকনেতা এম এ শাহীন অভিযোগ করে বলেন, টু-ডেজ নিট ফ্যাশন কারখানার মালিক শ্রম ও শিল্প আইন না মেনে মনগড়াভাবে কারখানা পরিচালনা করে আসছেন। সরকারঘোষিত ন্যূনতম মজুরি ৫ হাজার ৩০০ টাকা হলেও তিনি শ্রমিকদের ৩ হাজার থেকে ৪ হাজার টাকা করে দিচ্ছেন। আর বেতন-ভাতা বকেয়া রাখা তাঁর অভ্যাসে পরিণত হয়েছে। সব সময় শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া পড়লেই তিনি এক মাসের বেতন দিয়ে থাকেন। এসব বিষয়ে কথা বলতে গেলে শ্রমিকদের নির্যাতন ও চাকরিচ্যুত করার হুমকি দেওয়া হয়।
শ্রমিকেরা বলেন, বেতন বন্ধ থাকায় তাঁরা মানবেতর জীবন যাপন করছেন। সংকট নিরসনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও পোশাক কারখানার মালিকদের সংগঠন বিকেএমইএকে বিষয়টি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি শিল্প পুলিশ ইউনিট-৪-এর পরিচালককেও চিঠি দিয়ে জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও ন্যূনতম মজুরি ১০ হাজার টাকা নির্ধারণ না করা হলে দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন তাঁরা।