বকেয়া বেতনের দাবি পোশাক শ্রমিকদের
নারায়ণগঞ্জ নগরের গাবতলী পুলিশ লাইন এলাকার মনোয়ার টেক্সটাইল মিলস লিমিটেডের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল আটটায় গাবতলী পুলিশ লাইন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
মনোয়ারা গার্মেন্টসের শ্রমিক সালমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি ও গাবতলী পুলিশ লাইন শাখার সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
সেলিম মাহমুদ বলেন, মনোয়ার টেক্সটাইলের শ্রমিকদের চার মাসের বেতন বকেয়া আছে। শ্রমিকেরা বেতন চাইলে মালিক কর্তৃপক্ষ তাঁদের গালিগালাজ করে ও ভয়ভীতি দেখায়। অবিলম্বে চার মাসের বেতন পরিশোধের জন্য বিভিন্ন সরকারি সংস্থা ও বিকেএমইএকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।