বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নামছেন ইন্টার্ন চিকিৎসকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সদর হাসপাতালে কর্মরত ৬০ জন ইন্টার্ন চিকিৎসক চার মাস ধরে বেতন পাচ্ছেন না। আগামী সোমবার বেলা ১১টার মধ্যে বকেয়া বেতন পরিশোধ না করা হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করবেন তাঁরা।
গতকাল শনিবার সদর হাসপাতালের দ্বিতীয় তলায় ইন্টার্ন চিকিৎসক পরিষদের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ইন্টার্ন চিকিৎসকেরা এ কথা বলেন।
ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি আরিফুল ইসলাম বলেন, ২০১৬ সালের ১৭ নভেম্বর ২৭ জন ইন্টার্ন চিকিৎসক যোগ দেন। যোগ দেওয়ার পর প্রথম মাস বেতন পরিশোধ করা হলেও ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত চার মাসের বেতন দেওয়া হয়নি। এ ছাড়াও আগে থেকে ইন্টার্ন চিকিৎসক হিসেবে কর্মরত আছেন ৩৩ জন। তাঁদের বেতনও গত জানুয়ারি থেকে বন্ধ। সব মিলিয়ে কক্সবাজার সদর হাসপাতালে কর্মরত ৬০ জন ইন্টার্ন চিকিৎসকের বেতন বকেয়া।
সংবাদ সম্মেলনে বলা হয়, ইন্টার্ন করার সময় বাইরে কোথাও চাকরির সুযোগ নেই। তাই সামান্য বেতনের ওপর নির্ভর করতে হয়। কিন্তু এখন সে বেতনও কয়েক মাস ধরে আটকে আছে।
আরিফুল ইসলাম বলেন, সোমবার বেলা ১১টার মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাবেন ইন্টার্ন চিকিৎসকেরা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সহসভাপতি রাজিব দাশ, সহসাধারণ সম্পাদক তারিকুল ইসলাম।
কক্সবাজার সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা সহকারী পরিচালক বিধান পাল বলেন, ইন্টার্ন চিকিৎসকদের বেতন কেন বকেয়া তা তিনি জানেন না। আর বেতনের বিষয়ে তাঁর করারও কিছু নেই।