
বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত তাঁরা বিক্ষোভ করেন।
এর আগে গত ১২ এপ্রিল ও ১৭ জুলাই দুই দফায় কর্মকর্তা-কর্মচারীরা বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে আন্দোলনে নামেন। তখন দুই দফায় তিন মাসের বেতন-ভাতা পরিশোধ করা হয়। বর্তমানে চার মাসের বেতন বকেয়া পড়েছে।
সিটি করপোরেশনের প্রশাসনিক বিভাগ জানায়, করপোরেশনের নিয়মিত পাঁচ শতাধিক কর্মকর্তা-কর্মচারীর চার মাসের বেতন-ভাতা বকেয়া পড়েছে। এর মধ্যে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের বেতন বন্ধ আছে দুই মাস। গত মাসে মার্চ ও এপ্রিলের বকেয়া বেতন দেওয়া হয়েছে। গতকাল তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের বেতন-ভাতা এবং কর্মকর্তাদের শুধু ঈদ বোনাস দেওয়া হয়। কর্মকর্তা-কর্মচারীরা পুরো বকেয়া পরিশোধের দাবিতে আন্দোলনে নেমেছেন।
এক কর্মকর্তা জানান, গত বুধবার কর্মকর্তা-কর্মচারীরা মেয়র আহসান হাবিব কামালের কাছে বকেয়া বেতন ও বোনাস দাবি করেন। মেয়র তাতে অপারগতা প্রকাশ করেন। তবে তিনি ঈদ বোনাস দেওয়ার প্রতিশ্রুতি দেন। এতে ক্ষুব্ধ হয়ে কর্মকর্তা-কর্মচারীরা সেখান থেকে ফিরে যান। ঈদ বোনাসের সঙ্গে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা গতকাল আন্দোলন করেন।
তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোতালেব হোসেন বলেন, ধার করে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের বেতন দেওয়া হয়েছে। কিন্তু কর্মকর্তাদের বেতন-ভাতা বকেয়া আছে।
হাটবাজার শাখার পরিদর্শক মো. আবুল কালাম বলেন, কাউন্সিলরদের বেতন দুই মাসের দেওয়া হয়েছে। অথচ কর্মকর্তাদের এক মাসের বেতনও দেওয়া হয়নি। কেবল বোনাস দেওয়ায় ক্ষুব্ধ কর্মকর্তারা।
যোগাযোগ করলে আহসান হাবিব কামাল প্রথম আলোকে বলেন, গত মাসে কর্মকর্তা-কর্মচারীদের দুই মাসের বকেয়া বেতন দেওয়া হয়েছে। রাজস্ব আদায় না হওয়ায় এখনো চার মাসের বেতন বকেয়া আছে। গতকাল ধার করে ৬০ লাখ টাকা দিয়ে শ্রমিকদের বেতন এবং কর্মকর্তা-কর্মচারীদের বোনাস দেওয়া হয়েছে।
মেয়র বলেন, তারপরও কর্মকর্তা-কর্মচারীরা অনিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করেছেন। যাঁরা আন্দোলন করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে তদন্ত কমিটি করা হয়েছে।
গত ১২ এপ্রিলের আগে ছয় মাসের বেতন বকেয়া ছিল। আন্দোলনের পরিপ্রেক্ষিতে তখন এক মাসের বেতন দেওয়া হয়। এরপর দ্বিতীয় দফায় ১৭ জুলাই আন্দোলনে নামেন কর্মকর্তা-কর্মচারীরা। ওই আন্দোলনের পর দুই মাসের বকেয়া বেতন দেওয়া হয়। গতকাল তৃতীয়বারের মতো আন্দোলনে নামেন কর্মকর্তা-কর্মচারীরা।