বকেয়া বেতনের দাবিতে কারখানায় ভাঙচুর, বিক্ষোভ
দুই মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুর সদর উপজেলার বোর্ডবাজার সাইনবোর্ড এলাকার একটি পোশাক কারখানা ভবনে ভাঙচুর করেছেন শ্রমিকেরা। এ সময় তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ শনিবার সকাল নয়টা থেকে ফাইন স্টিচ অ্যাপারেলস লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা এটিতে ভাঙচুর শুরু করেন। তাঁরা ছয়তলাবিশিষ্ট কারখানা ভবনের প্রথম থেকে দ্বিতীয় তলায় পুশান বাংলাদেশ লিমিটেড, তৃতীয় তলায় নিউ স্টার নামে দুটি কারখানায়ও ভাঙচুর করেন।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি সকালে শ্রমিকেরা ফাইন স্টিচ অ্যাপারেলসে গিয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণার নোটিশ দেখতে পায়। ছুটি শেষে আজ সকালে কাজে যোগ দিতে কারখানায় গিয়ে তাঁরা গেটে সিলগালা করা দেখে বিক্ষুব্ধ হয়ে পড়েন।
শ্রমিকেরা জানান, তাঁদের দুই মাসের বেতন বকেয়া আছে। তাই বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত কারখানার গেটে অবস্থানের ঘোষণা দিয়েছিল তাঁরা।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন জানান, জানুয়ারি থেকে ফেব্রুয়ারির ১৯ তারিখ পর্যন্ত কারখানা চলার পর ওই দিন রাতেই কারখানা কর্তৃপক্ষ ২০ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধের নোটিশ টানিয়ে দেয়। এতে আরও উল্লেখ ছিল, ১ মার্চ তাঁদের বকেয়া বেতন পরিশোধ করা হবে। কিন্তু আজ সকালে শ্রমিকেরা কারখানার গেলে দেখেন যে গেটে তালা লাগানো এবং তা সিলগালা করা। পরে তাঁরা বিক্ষোভ শুরু করেন এবং ভাঙচুর করেন। একপর্যায়ে তাঁরা পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মোশাররফ হোসেন জানান, ঘটনার পর থেকেই কারখানার মালিক এইচ এম খায়রুল আলম তাঁর ফোন বন্ধ করে রেখেছেন। তবে বিষয়টি বিজিএমইএ নেতাদের জানানো হয়েছে।
জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) একরামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।