বকেয়া বেতনের দাবিতে চারটি কারখানার শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতন ও বোনাসের দাবিতে নারায়ণগঞ্জ ও গাজীপুরের চারটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল রোববার বিক্ষোভ করেছেন। ভাঙচুর করেছেন দুটি কারখানায়।
সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার লিপি নিটওয়্যার কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও কারখানার ভেতরে ভাঙচুর করেন। এ সময় তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে বকেয়া বেতন ও কারখানা চালুর দাবিতে টেক্স টেক উন্ড মেয়ার প্রাইভেট লিমিটেড কারখানার শ্রমিকদের ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত আছে। শ্রমিকেরা গতকাল বেলা ১১টা থেকে শহরের চাষাঢ়ায় অবস্থিত বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সমিতির (বিকেএমইএ) প্রধান কার্যালয় ঘেরাও করেন। এ সময় তাঁরা সড়কে বসে বিক্ষোভ দেখান।
গাজীপুরের শিল্প পুলিশ জানায়, সকাল সাড়ে আটটার দিকে গাজীপুর সদর উপজেলার বড়বাড়ি এলাকার পার্কসিন পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। পরে কর্তৃপক্ষ আজ সোমবার ঈদ বোনাস দেওয়ার আশ্বাস দিয়ে গতকালের জন্য ছুটি ঘোষণা করে।
অপরদিকে সদর উপজেলার ছয়দানা মালেকের বাড়ি এলাকায় টেক্স টেক সোয়েটার কারখানার শ্রমিকেরা চলতি মাসের ১০ দিনের বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা কারখানার জানালার কাচ ভাঙচুর করেন। খবর পেয়ে শিল্প পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে শ্রমিকদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।