বকেয়া বেতনের দাবিতে চা-বাগানে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমাম-বাওয়ানী চা-বাগানের শ্রমিকেরা বকেয়া বেতন-ভাতার দাবিতে গতকাল শনিবার ধর্মঘট পালন করেছেন। এ সময় শ্রমিকেরা বাগানের কার্যালয় ঘেরাও করে রাখেন।
আন্দোলনকারী শ্রমিকেরা বলেন, নবীগঞ্জের পানিউমদা ইউনিয়নের ইমাম-বাওয়ানী চা-বাগানে ৪৫০ জন নিয়মিত শ্রমিক আছেন। তাঁরা ছয় সপ্তাহ ধরে বেতন ও রেশন পাচ্ছেন না। বেতন-ভাতা ও রেশন না পাওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এ পরিস্থিতিতে জানুয়ারি মাসের প্রথম দিকে শ্রমিকেরা বকেয়া বেতন ও অন্যান্য দাবিতে বাগানের উপমহাপরিচালকের কাছে আবেদন করেন। তাতেও কোনো কাজ না হওয়ায় গতকাল সকাল থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটের ডাক দেন তাঁরা। একপর্যায়ে তাঁরা বাগানের কার্যালয় ঘেরাও করেন। এ সময় শ্রমিকেরা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সভাপতি সিধ্বনি কুর্মি, বাংলাদেশ চা-শ্রমিক বালিছড়া ভ্যালির সভাপতি বিজয় হাজরা, সাধারণ সম্পাদক দেবেন্দ্র কারাউফসহ অনেক নেতা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথ ও নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ পরিস্থিতি শান্ত করে। পরে প্রশাসনের মধ্যস্থতায় ইমাম ও বাওয়ানী চা-বাগানের ব্যবস্থাপনা পরিচালক এস এম মোবাসসিরুল ইসলাম সব বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে এ বিষয়ে একটি লিখিত চুক্তি হয়। এর পরিপ্রেক্ষিতে বেলা তিনটার দিকে শ্রমিকেরা তাঁদের ধর্মঘট ৩০ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেন।