বকেয়া বেতনের দাবিতে চা-শ্রমিকদের বিক্ষোভ
বকেয়া বেতনের দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ সমাবেশ করেছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার বৈকণ্ঠপুর চা-বাগানের শ্রমিকেরা। তাঁরা জানিয়েছেন, গত নয় সপ্তাহ তাঁরা বেতন-ভাতা ও রেশন পাচ্ছেন না।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বৈকণ্ঠপুর চা-বাগানের অবস্থান। ব্যক্তিমালিকানাধীন এ চা-বাগানে শ্রমিকের সংখ্যা চার শতাধিক। লোকসানের কারণ দেখিয়ে মালিকপক্ষ হঠাৎ করে বাগানের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। গত মে থেকে বাগানের শ্রমিকেরা বেতন-ভাতা পাচ্ছেন না। বন্ধ রয়েছে রেশন, চিকিৎসা ও বিদ্যুৎসহ সব ধরনের সুযোগ-সুবিধা। বকেয়া বেতনের দাবিতে গতকাল বাগান এলাকায় সমাবেশ করেন চা-শ্রমিকেরা। সভাপতিত্ব করেন বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি রামনাত কেউট। সমাবেশে লস্করপুর ভ্যালির ২৩টি চা-বাগানের পঞ্চায়েত কমিটির নেতারা উপস্থিত ছিলেন। তাঁরা অভিযোগ করেন, বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ না করে কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এতে শ্রমিকেরা বেকার হয়ে পড়েছেন। নয় সপ্তাহ ধরে বেতন-ভাতা পাচ্ছেন না।
চা-বাগানের ব্যবস্থাপক শাহজাহান ভূঁইয়া গতকাল মুঠোফোনে বলেন, লোকসানের কারণে চা-বাগানের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে মালিকপক্ষ আবারও বাগানের কার্যক্রম চালুর উদ্যোগ নিচ্ছে।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বাগানমালিক ডিডি মুখার্জির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন।