বকেয়া বেতনের দাবিতে চিনিকলের শ্রমিকদের বিক্ষোভ
তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের শ্রমিকেরা বিক্ষোভ সমাবেশ করেছেন। গতকাল বৃহস্পতিবার চিনিকলের মূল ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশ শেষে কয়েক শ শ্রমিক-কর্মচারী বিক্ষোভ করে চিনিকলের প্রশাসনিক ভবন ঘেরাও করেন।
ফরিদপুর চিনি কল শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল বসু বলেন, রমজান মাসের প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে। কিন্তু কর্তৃপক্ষ শ্রমিক-কর্মচারীদের গত তিন মাসের বেতন ও ঈদ বোনাসের ২ কোটি ৭০ লাখ টাকা পরিশোধ করেনি। ১০ জুলাইয়ের মধ্যে বকেয়া বেতন দেওয়া না হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে।
ফরিদপুর চিনিকল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফরিদপুর চিনিকলের ৩৭ কোটি ৭০ লাখ টাকার চিনি অবিক্রীত অবস্থায় আছে। এদিকে মিলের শ্রমিক-কর্মচারীদের তিন মাসের বেতন বাবদ ২ কোটি ৭০ লাখ টাকা ও আখচাষিদের প্রায় ৩ কোটি ২৫ লাখ টাকা বকেয়া আছে।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন বলেন, চিনিকলের গুদামে ১০ হাজার ১৯০ মেট্রিক টন চিনি অবিক্রীত থাকায় শ্রমিক-কর্মচারীদের বেতন দেওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে ইতিমধ্যে চিনি ও খাদ্যশিল্প করপোরেশনে যোগাযোগ করা হয়েছে। ঈদুল ফিতরের আগেই পাওনা পরিশোধের চেষ্টা করা হচ্ছে।