বকেয়া বেতনের দাবিতে তোবার শ্রমিকেরা রাস্তায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোবা ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা জুন মাসের বকেয়া বেতনের দাবিতে গতকাল বুধবার বাড্ডার প্রধান সড়ক আড়াই ঘণ্টা অবরোধ করে রাখেন। তাঁরা যানবাহন ভাঙচুর করলে পুলিশের সঙ্গে সংঘর্ষে বাধে। এতে পুলিশসহ অন্তত ২০ জন আহত হন।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও পোশাক শ্রমিকেরা জানান, গতকাল সকাল ১০টার দিকে তোবা গ্রুপের কয়েকটি পোশাক কারখানার সহস্রাধিক শ্রমিক উত্তর বাড্ডার হোসেন মার্কেটের সামনের সড়কে অবস্থান নেন। এ সময় তাঁরা জুন মাসের বকেয়া বেতন-ভাতা ঈদের আগেই পরিশোধের দাবিতে বিক্ষোভ করেন। পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে বলে। কিন্তু বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের কথা না শুনে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান। একপর্যায়ে তাঁরা বেশ কয়েকটি যানবাহন ও ফুটপাতের হকারদের ব্যবহৃত টেবিল রাস্তায় নামিয়ে ভাঙচুর করেন।
এ সময় পুলিশ বাধা দিলে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পোশাকশ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পুলিশ লাঠিপেটা করলে দফায় দফায় সংঘর্ষ হয়। পোশাকশ্রমিকেরা কয়েকটি পোশাক কারখানায় ঢিল ছুড়ে ভাঙচুর করে। পুলিশ জলকামান দিয়ে গরম পানি ছিটায় এবং কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। দুপুর সাড় ১২টা পর্যন্ত এ অবস্থা চলে। সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হন। এ সময় আশপাশের সড়কগুলোত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পুলিশ জানায়, ২০১২ সালে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস লিমিটেড নামের পোশাক কারখানায় আগুনে ১২৪ শ্রমিক নিহতের ঘটনায় মামলায় তোবা গ্রুপের মালিক দেলোয়ার কারাগারে আছেন। এরপর তৈরি পোশাক মালিক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর পক্ষ থেকে শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়। কিন্তু জুন মাসের বেতন এখনো বকেয়া রয়েছে।
পোশাকশ্রমিকেরা জানান, বেতন না পাওয়ায় তাঁরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। বেতন বকেয়া থাকায় গত জুন মাস থেকে তাঁরা কাজ করছেন না। বকেয়া বেতন পরিশোধ করলেই কাজে যোগ দেবেন।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছুড়ে পুলিশ শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়। পরে শ্রমিকদের সঙ্গে পুলিশের আলোচনা হয়েছে। পোশাকশ্রমিকদের বেতন পরিশোধ না করা পর্যন্ত তোবা গ্রুপের পক্ষ থেকে বৃহস্পতিবার (আজ) ২৮০ বস্তা চাল বিতরণ করবে পুলিশ। বাড়ি ভাড়ার জন্য তাগিদ না দিতেও সংশ্লিষ্ট বাড়ির মালিকদের পুলিশের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে।