জামালপুর পৌরসভার পানি সরবরাহ শাখার ১৯ জন কর্মকর্তা ও কর্মচারী তাঁদের ১০ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়ে গত বুধবার জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। এ দাবি মানা না হলে তাঁরা আজ শুক্রবার থেকে লাগাতার কর্মবিরতির কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন। আন্দোলনকারী কর্মকর্তা ও কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে বেতন পরিশোধ না করায় তাঁরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। আসছে ঈদ উপলক্ষে তাঁরা বকেয়া বেতন পরিশোধের দাবি জানালেও পৌর কর্তৃপক্ষ তাঁদের পুরো বকেয়া বেতন পরিশোধ করতে অপারগতা প্রকাশ করেছে। তবে ঈদ উপলক্ষে পৌর কর্তৃপক্ষ তাঁদের এক মাসের বকেয়া বেতন ও বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।জামালপুর পৌরসভার সচিব মো. শরাফত আলী জানান, পানির বিল আদায় না হওয়ায় তাঁদের বেতন বন্ধ রাখা হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে তাঁদের এক মাসের বেতন ও ঈদ বোনাস দেওয়া হয়েছে। তাঁদের বকেয়া বেতনের বিষয়ে শিগগির সিদ্ধান্ত নেওয়া হবে।