বকেয়া বেতনের দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় লে-অফ (সাময়িক বন্ধ) ঘোষণা করা রপ্তানিমুখী পোশাক কারখানা মার্ক নিটওয়্যারের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন। গতকাল শনিবার সকালে শহরের চাষাঢ়ায় অবস্থিত বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তাঁরা বিক্ষোভ করেন। বিকেএমইএর নেতারা শ্রমিকদের পাওনা আদায়ে সহযোগিতার আশ্বাস দিলে শ্রমিকেরা শান্ত হন। পরে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের চাষাঢ়ায় শহীদ মিনারের সামনে সমাবেশ করেন। শ্রমিকেরা ঈদুল ফিতরের আগে তাঁদের সব পাওনা পরিশোধ করার দাবি জানান। কারখানার কয়েকজন নারী শ্রমিক অভিযোগ করেন, লে-অফের কারণে রমজান মাসে তাঁরা অতিরিক্ত সময়ে কাজ (ওভারটাইম) করতে পারবেন না। যাঁরা উৎপাদনভিত্তিক মজুরিতে কাজ করেন, তাঁদের ন্যূনতম মজুরি ধরিয়ে দেওয়া হলে স্বাভাবিকের তুলনায় আয় কমে যাবে। এ ছাড়া লে-অফের কারণে তাঁদের বোনাসও দেওয়া হবে না। তাঁরা কারখানা চালুর দাবি জানান।বিকেএমইএর সচিব সুলভ চৌধুরী জানান, ঈদুল ফিতরের আগেই শ্রমিকেরা যাতে তাঁদের বেতন-ভাতা পেতে পারেন, সে জন্য চেষ্টা চলছে। দ্রুত মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।২৫ জুলাই নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লালপুরে অবস্থিত রপ্তানিমুখী পোশাক কারখানা মার্ক নিটওয়্যার ক্রেতা না থাকা ও কাজের স্বল্পতার কারণে ১৫ দিনের জন্য লে-অফ ঘোষণা করা হয়।