
বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ এবং অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। পরে তাঁরা নগর ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। একপর্যায়ে প্রধান নির্বাহী কর্মকর্তাকে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। কর্মবিরতির কারণে নগর ভবনে অচলাবস্থা দেখা দিয়েছে।
গতকাল সোমবার সকাল ১০টায় কর্মকর্তা-কর্মচারীরা দপ্তর থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন।
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসন বিভাগ জানায়, নগর ভবনের ৫৪২ জন স্থায়ী কর্মকর্তা-কর্মচারীর পাঁচ মাস এবং দৈনিক মজুরিভিত্তিক (অস্থায়ী) ১ হাজার ৬২৬ জন শ্রমিকের তিন মাসের বেতন বকেয়া পড়েছে। এর সঙ্গে ৩২ মাসের ভবিষ্য-তহবিলের (প্রভিডেন্ট ফান্ড) টাকা বকেয়া পড়েছে। বকেয়া বেতন-ভাতা ও ভবিষ্য-তহবিলের টাকা বরাদ্দ দেওয়ার দাবি করা হলেও দাবি পূরণে শুধু আশ্বাস দেওয়া হচ্ছে। তাই অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দপ্তরে তালা দিয়ে বাইরে বেরিয়ে যান। একপর্যায়ে তাঁরা মেয়র এবং প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে স্লোগান দেন। এ সময় নগর ভবনে সেবা নিতে আসা সাধারণ নাগরিকেরা ফিরে যান। বেলা দেড়টার দিকে প্রধান নির্বাহী কর্মকর্তা নগর ভবন থেকে বেরিয়ে যেতে চাইলে তাঁর গাড়ি আটকে রাখেন কর্মকর্তা-কর্মচারীরা। প্রায় এক ঘণ্টা পর তাঁর গাড়ির চাকার হাওয়া ছেড়ে দেন আন্দোলনকারীরা। পরে তিনি হেঁটে বের হন এবং নগর ভবনসংলগ্ন জেলা প্রশাসকের কার্যালয়ে ঢুকে আত্মরক্ষা করেন।
আন্দোলনে নেতৃত্ব দেওয়া নগর ভবনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা দীপক লাল মৃধা বলেন, স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের পাঁচ মাসের বেতন ও ভবিষ্য-তহবিলের ৩২ মাসের টাকা বকেয়া আছে। এ ছাড়া অস্থায়ী ভিত্তিতে নিয়োগ হওয়া ১ হাজার ৫২৬ জন কর্মচারীর তিন মাসের বেতন বকেয়া রয়েছে। এদিকে কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করায় নগর ভবনে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। নগর ভবনে সেবা নিতে আসা সাধারণ নাগরিকেরা স্বাভাবিক কাজ করতে পারেননি।
এ ব্যাপারে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘বরিশাল সিটি করপোরেশনের রাজস্ব আয়ের পুরো টাকাই কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ পরিশোধ করা হচ্ছে। কিন্তু রাজস্ব আয় না বাড়ার কারণেই বকেয়া পরিশোধ করা সম্ভব হচ্ছে না। সমস্যা সমাধানের জন্য সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিষয়টি নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠকের চেষ্টা করা হয়েছে। কিন্তু তাঁদের পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি। গতকাল তাঁরা আমাকে এক ঘণ্টা গাড়িতে অবরুদ্ধ করে রাখেন। একপর্যায়ে গাড়ির চাকার হাওয়া পর্যন্ত ছেড়ে দেন। আন্দোলন ও কর্মবিরতির ফলে নগর ভবনের সেবা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে।’