বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জের শ্যামপুর চিনিকলের শ্রমিক–কর্মচারীরা বকেয়া বেতন–ভাতার দাবিতে আজ দুপুরে বিক্ষোভ করেন
ছবি: প্রথম আলো

রংপুরের বদরগঞ্জের শ্যামপুর চিনিকলের শ্রমিক–কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। বকেয়া বেতন–ভাতার দাবিতে আজ রোববার দুপুরে মিলের সামনে তাঁরা ওই বিক্ষোভ সমাবেশ করেন। এর আগে তাঁরা একই দাবিতে ওই স্থানে সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে ওই চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বলেন, শ্যামপুর সুগার মিলে স্থায়ী ও মৌসুমি শ্রমিক রয়েছেন ৪৩০ জন। তাঁদের বকেয়া বেতন–ভাতা পাওনা রয়েছে প্রায় পাঁচ কোটি টাকা। গত বছরের ১ ডিসেম্বর এ চিনিকলসহ দেশের পাঁচটি চিনিকল আধুনিকায়নের ঘোষণা দিয়ে আখমাড়াই বন্ধ করে দেওয়া হয়। ফলে বেকার হয়ে পড়েন শ্যামপুর চিনিকলের শ্রমিক-কর্মচারীসহ মৌসুমি চাকরিজীবীরা। বেতন–ভাতা না পেয়ে তাঁরা চরম কষ্টে রয়েছেন।

লিখিত বক্তব্যে আবু সুফিয়ান অভিযোগ করে বলেন, ‘করোনা মহামারিতে সরকার থেকে সাধারণ মানুষকে নানাভাবে সহায়তা দেওয়া হচ্ছে। অথচ চিনিকল বন্ধ করে দিয়ে আমাদের পাওনা বেতন–ভাতা দেওয়া হচ্ছে না। বকেয়া বেতন বন্ধ হওয়ায় পরিবার–পরিজন নিয়ে আমরা দুর্বিষহ জীবন যাপন করছি। বকেয়া বেতন–ভাতা দ্রুত পরিশোধের ব্যবস্থা না নিলে আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।’

তিনি আরও বলেন, রংপুরের একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান শ্যামপুর চিনিকল। এ চিনিকল ঘিরে এখানে ব্যবসা-বাণিজ্যসহ আলাদা করে বসতি গড়ে উঠেছে। চিনিকল আধুনিকায়নের নামে এখন পুরো এলাকা অচল করা হয়েছে। গত পবিত্র ঈদুল ফিতরে শ্রমিক কর্মচারীদের বেতন–ভাতাসহ উৎসব ভাতা দেওয়া হয়নি। আসন্ন পবিত্র ঈদুল আজহায়ও দেওয়ার কোনো লক্ষণ নেই। অবসরে যাওয়া শ্রমিক-কর্মচারীদের গ্র্যাচুইটি, পিএফ ফান্ডের টাকাও পরিশোধ করা হচ্ছে না। ফলে তাঁরাও চাকরি শেষে মানবেতর দিন কাটাচ্ছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আকতারুল বাদশা, সাবেক সাধারণ সম্পাদক বুলু আমিন, কামরুজ্জামান বাবু, মঞ্জুরুল ইসলাম ও আবদুস সাত্তার। এ ছাড়া সংবাদ সম্মেলনে ওই চিনিকলের দেড় শতাধিক স্থায়ী ও মৌসুমি চাকরিজীবী ও আখচাষি উপস্থিত ছিলেন।

শ্যামপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার সরকার বলেন, ‘শ্রমিক–কর্মচারীদের পাঁচ মাসের বেতন বকেয়া রয়েছে। ইতিমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’