বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন মাঠ সংগঠকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিআরডিবির সংগঠক পদে চাকরি করেন তাঁরা। আট মাস চাকরি করে তাঁরা মাত্র এক মাসের বেতন পেয়েছেন। তাই ঈদুল আজহার আগে বকেয়া বেতনের দাবিতে গতকাল সোমবার সিলেটের বিআরডিবির খাদিমনগর আঞ্চলিক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন সিলেট বিভাগের এই মাঠ সংগঠকেরা।

গতকাল দুপুরে আয়োজিত মানববন্ধনে ‘চাকরি আছে, বেতন নাই, এমন নজির পৃথিবীতে নাই’ লেখা প্ল্যা-কার্ড প্রদর্শন করেন মাঠ সংগঠকেরা। প্রায় ঘণ্টা খানেক মানববন্ধন চলাকালে সমাবেশও হয়। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবির) মৌলভীবাজারের মাঠ সংগঠক মো. মোতালেব হুসেনের সভাপতিত্বে ও কমলগঞ্জের মাঠ সংগঠক আতাউর রহমানের সঞ্চালনায় সমাবেশে সুনামগঞ্জ সদরের জিলাল উদ্দিন, দোয়ারাবাজার বিআরডিবির মাঠ সংগঠক এনামুল হক প্রমুখ বক্তব্য দেন।

মানববন্ধন শেষে বিআরডিবির সিলেট আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক বরাবর স্মারকলিপিও দেওয়া হয়। এতে বলা হয়, বিআরডিবির মাঠ সংগঠক পদে তাঁদের ৮১ জনের আট মাস আগে চাকরি হয়। এ পর্যন্ত তাঁরা শুধু এক মাসের বেতন পেয়েছেন।