বকেয়া বেতনের দাবিতে শিক্ষকদের ক্লাস বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের লোহাখুচি উচ্চবিদ্যালয়ের শিক্ষকেরা ছয় মাসের বকেয়া বেতনভাতার দাবিতে গত বুধবার ক্লাস বর্জন করেন। একই দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ প্রদর্শন করেছে।ক্লাস বর্জনকারী শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নেই—এই অজুহাতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিল প্রস্তুত করছেন না।খোঁজ নিয়ে জানা গেছে, আগের কমিটির মেয়াদ শেষ হওয়ার পর নিয়মানুযায়ী এডহক কমিটি করার কথা থাকলেও তা করা হয়নি। অভিযোগ রয়েছে, এডহক কমিটির জন্য সভাপতি হিসেবে স্থানীয় সাংসদ ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী জি এম কাদের ওই এলাকার আবুল কাশেমকে মনোনয়ন দিয়ে পর পর দুইবার ডিও লেটার দিলেও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তা আমলে নেননি এবং এডহক কমিটির বিষয়ে কোনো উদ্যোগ নেননি।বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন বলেন, ‘বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নিয়ে বিদ্যমান সমস্যার কারণে ছয় মাস যাবৎ বেতনভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছি।’বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নায়েব আলী জানান, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ছয় মাস ধরে শিক্ষক-কর্মচারীদের বেতনভাতা বন্ধ রাখা হয়েছে। বহিরাগত লোকজন প্রধান শিক্ষকের কক্ষে ভাঙচুর চালায়। এ ছাড়া তিনি আর কিছু বলতে রাজি হননি।দশম শ্রেণীর ছাত্র মাজেদুল ইসলাম জানায়, বেতনভাতা না পাওয়ায় শিক্ষকেরা নিয়মিত ক্লাসে আসছেন না। শিক্ষকদের বেতনভাতা চালু করে অবিলম্বে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে তারা বিক্ষোভ সমাবেশ করেছে।নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক বলেন, হারাটি ইউনিয়নের আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির স্থানীয় নেতারা বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটিতে তাঁদের লোকজন থাকুক—এমন মনোভাব নিয়ে গ্রাম্য রাজনীতি শুরু করায় কমিটি গঠন করা যায়নি। কিন্তু শিক্ষার্থীদের শিক্ষা ব্যাহত হচ্ছে, শিক্ষকেরা বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন, সেদিকে কারও নজর নেই।