বকেয়া বেতনের দাবিতে শিক্ষকদের বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ১৪টি আনন্দ স্কুলের শিক্ষকেরা ১৪ মাসের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন করেছেন। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদের সামনে তাঁরা এই কর্মসূচি পালন করেন।
বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন কসবা পুরাতন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল হুদা, আনন্দ স্কুলের শিক্ষক সাকিনা আক্তার, মো. দেলোয়ার হোসেন প্রমুখ। পরে তাঁরা কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরিফুল ইসলামের মাধ্যমে প্রকল্প পরিচালকের কাছে স্মারকলিপি দেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, কসবা উপজেলায় ৭৮টি আনন্দ স্কুল রয়েছে। এদের মধ্যে থেকে ১৪টি স্কুলের ১৪ জন শিক্ষক বেতন-ভাতা পাচ্ছেন না। এসব বিদ্যালয়ে ৪৯৫ জন শিক্ষার্থী আছে।
আনন্দ স্কুলের কসবা উপজেলা সমন্বয়কারী আলমগীর হোসেন দাবি করেন, এ উপজেলায় ৬৪টি আনন্দ স্কুল চালু রয়েছে। ওই ১৪টি বিদ্যালয়ের পরিচালনা কমিটি শিক্ষকদের নিয়োগ দিয়েছে। শিক্ষকদের কিছু ত্রুটি ও দূরুত্ব থাকার কারণে কর্তৃপক্ষ ১৪টি স্কুলের শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ করে দিয়েছে। কসবার ইউএনও মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, ১৪টি বিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ করার বিষয়টি একাধিকবার প্রকল্প কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে।