বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
বকেয়া বেতনের দাবিতে গতকাল সোমবার চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকেরা। অবরোধ শুরুর কিছুক্ষণ পরই পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়।
পুলিশ জানায়, বন্দরটিলায় সেরাজ সন্স গার্মেন্টস লিমিটেডের প্রায় ৩০০ শ্রমিক গত জুলাই মাসের বেতন-ভাতা পাননি। মালিকপক্ষ বারবার বকেয়া বেতন দেওয়ার আশ্বাস দিলেও তা পূরণ করেনি। এ কারণে গতকাল বিকেলে বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়কে এসে বিক্ষোভ জানান। পরে পুলিশ বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন। বিষয়টি সমাধানে মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি, বিজিএমইএ এবং পুলিশের উপস্থিতিতে সমঝোতায় বসে।
শিল্প পুলিশের পরিচালক তোফায়েল আহমেদ প্রথম আলোকে জানান, ‘সমঝোতা বৈঠকে কারখানার মালিক জিয়া উদ্দিন আগামী বুধবার জুলাই মাসের বেতন এবং ১৭ সেপ্টেম্বর আগস্ট মাসের বেতন পরিশোধের অঙ্গীকার করেছেন। মালিকপক্ষের অঙ্গীকার পাওয়ার পর শ্রমিকেরা শান্ত হন।’