বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে রপ্তানিমুখী একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় ২০ মিনিট অবরোধ করে রাখেন।
গতকাল রোববার বিকেলে উপজেলার রূপসী এলাকার সিকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল বেলা তিনটার দিকে উপজেলার রূপসী এলাকায় অবস্থিত রপ্তানিমুখী সিকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের শ্রমিকেরা দুই মাসের বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার ভেতরে কয়েক দফা বিক্ষোভ প্রদর্শন শেষে কারখানা থেকে রাস্তায় নেমে আসেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় ২০ মিনিট অবরোধ করে রাখেন।
শ্রমিকদের অভিযোগ, ওই কারখানায় প্রায় ১ হাজার ২০০ শ্রমিক কাজ করেন। গত ফেব্রুয়ারি ও মার্চ মাসের বকেয়া বেতন এপ্রিল মাসের ৫ তারিখে পরিশোধের কথা ছিল। কিন্তু মালিকপক্ষ দিই-দিচ্ছি করে এ পর্যন্ত তাঁদের বকেয়া বেতন পরিশোধ করেনি। বেতনের দাবি করায় উল্টো কারখানার জিএম জাফর উল্লাহসহ তাঁর লোকজন শ্রমিকদের মারধর করেন এবং তাঁদের ছাঁটাই করার হুমকি দিচ্ছেন। বেতন না দেওয়ায় তাঁরা ঘরভাড়া ও দোকান বাকির টাকা পরিশোধ করতে পারছেন না। বাড়িওয়ালা ও দোকান মালিকেরা তাঁদের চাপ দিচ্ছেন। দোকানিরা বাকিতে মালামাল দিচ্ছেন না।
এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও সিকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছিলেন। মালিকপক্ষ আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।