বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
বকেয়া বেতন-ভাতার দাবিতে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি বিদেশি কারখানার শ্রমিকেরা গতকাল বুধবার বিক্ষোভ করেছেন। ক্ষুব্ধ শ্রমিকেরা সিইপিজেড-সংলগ্ন বিমানবন্দর সড়ক অবরোধেরও চেষ্টা করেন। পরে বেপজা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশের মধ্যস্থতায় আলোচনা শেষে পরিস্থিতি শান্ত হয়। বেপজা কর্তৃপক্ষ আগামী জানুয়ারির মধ্যে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের আশ্বাস দিয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে আটটার দিকে সিইপিজেডের ৪ নম্বর সেক্টরের নর্থ পোল (বিডি) লিমিটেড নামের হংকংভিত্তিক তাঁবু কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। তাঁরা সিইপিজেডের প্রবেশমুখে বেপজা কার্যালয়ের সামনে অবস্থান নেন। এরপর বিক্ষুব্ধ শ্রমিকেরা বিমানবন্দর সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পুলিশ পরে শ্রমিকদের আবার সিইপিজেডের ফটকের ভেতর নিয়ে যায়। এরপর শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসে বেপজা কর্তৃপক্ষ।বেপজা সূত্র জানায়, হংকংভিত্তিক প্রতিষ্ঠান নর্থ পোল লিমিটেড আন্তর্জাতিকভাবে দেউলিয়া ঘোষিত হয়েছে। প্রতিষ্ঠানটির মালিক ও বাংলাদেশ শাখার প্রধান নির্বাহী চীনে আটক আছেন। সিইপিজেডে নর্থ পোল (সিইপিজেড) লিমিটেড ও নর্থ পোল (বিডি) লিমিটেড নামের দুটি কারখানা আছে। এর মধ্যে নর্থ পোল (সিইপিজেড) লিমিটেড গত জুনে বন্ধ হয়ে গেছে। দুই মাস বন্ধ থাকার (লে অফ) পর গত নভেম্বরে নর্থ পোল (বিডি) লিমিটেডও বন্ধ হয়ে যায়। কারখানাটির প্রায় ২০০ শ্রমিকের ২৩ দিনের বেতন, ভবিষ্যৎ তহবিল ও গ্র্যাচুইটি পাওনা রয়েছে। বেপজার মহাব্যবস্থাপক আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘কারখানার মালিক ও বাংলাদেশ শাখার প্রধান চীনে আটক। কারখানার ব্যবস্থাপনা পরিচালক দেশের বাইরে আছেন। আগামী সপ্তাহে ঢাকায় বেপজা সদর দপ্তরে শ্রমিকদের বকেয়া পরিশোধের বিষয়ে বৈঠক ডাকা হয়েছে। যে বেসরকারি ব্যাংক থেকে কারখানাটি ঋণ নিয়েছে তাদের সঙ্গেও আলোচনা চলছে। আশা করি, জানুয়ারির মধ্যে পাওনা পরিশোধের ব্যবস্থা করতে পারব।’শিল্প পুলিশের সহকারী পরিচালক মো. তোফায়েল আহমদ মিঞা বলেন, ‘বকেয়া বেতনের দাবিতে সকালে দুই দফায় শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে তাঁদের সরিয়ে দিই।’