বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
বকেয়া বেতনের দাবিতে গতকাল রোববার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় রতনদি এলাকায় ক্যানটাকি নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে মালিকপক্ষ বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
কারখানার শ্রমিক আবুল হোসেন ও তাছলিমা আক্তার বলেন, কারখানা কর্তৃপক্ষ দুই মাস ধরে শ্রমিকদের বেতন পরিশোধ করছে না। গতকাল সকালে কারখানার কর্মকর্তারা বেতন দেওয়ার আশ্বাস দেন। কিন্তু বেতন-ভাতা পরিশোধ না করে তাঁরা চলে যান। সন্ধ্যা ছয়টায় শ্রমিকেরা কাজ শেষে কারখানা থেকে বের হয়ে বিক্ষোভ-মিছিল করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কের দুই পাশে চার কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। প্রায় আধা ঘণ্টা পর শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা শ্রমিকদের দুই দিনের মধ্যে বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দেন। পরে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
ক্যানটাকি কারখানার উৎপাদন কর্মকর্তা আবু সাঈদ বলেন, শ্রমিকদের বেতন-ভাতা অবশ্যই দু-এক দিনের মধ্যে পরিশোধ করা হবে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেন। মালিকপক্ষ দাবি মেনে নিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।