বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ, সড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুর করেছে। গত সোমবার রাতে শহরের উকিলপাড়া এলাকার মারুফ গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, ওই পোশাক কারখানায় প্রায় ৫০০ শ্রমিক কাজ করেন। সোমবার শ্রমিকদের মে মাসের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বেতন না দেওয়ায় রাতে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা বেতনের দাবিতে রাস্তায় নেমে উকিলপাড়া এলাকায় বঙ্গবন্ধু সড়ক অবরোধ করেন এবং কারখানার কলাপসিবল গেট ও বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। রাত ১২টার দিকে সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে দ্রুত বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা শান্ত হন।কারখানার শ্রমিকেরা জানান, বেতন দেওয়া নিয়ে এক সপ্তাহ ধরে কারখানা কর্তৃপক্ষ টালবাহানা করছে। সোমবার শবে বরাতের দিন বেতন দেওয়ার কথা বলে কারখানা কর্তৃপক্ষ তাঁদের বিকেল পাঁচটা থেকে রাত ১১ টা পর্যন্ত বসিয়ে রাখে। বেতন না দেওয়ায় তাঁরা আন্দোলন করতে বাধ্য হয়েছেন। কারখানার মালিক মনির হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।