বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল রোববার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এ সময় প্রায় আধা ঘণ্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকার গেটওয়ে ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। ছয়জন শ্রমিক জানান, তাঁদের কারখানাটি বি-ব্রাদার্স গ্রুপের প্রতিষ্ঠান। কারখানায় ছয় শতাধিক শ্রমিক কাজ করেন। গত ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের বকেয়া বেতন-ভাতা চলতি মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ করার কথা ছিল মালিকপক্ষের। রোববার সারা দিন অপেক্ষা করার পর বিকেলে তাঁরা (শ্রমিকেরা) মালিকপক্ষের কাছে বকেয়া বেতন-ভাতা দাবি করেন। এ সময় মালিকপক্ষ টাকা পরিশোধ না করে টালবাহানা শুরু করে। একপর্যায়ে শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে কারখানার ভেতরে দফায় দফায় মিছিল করেন।
এ বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করেও কারখানার কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী দুই ব্যক্তি বলেন, বেলা তিনটার দিকে ক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার সামনের ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। হঠাৎ করে সড়ক বন্ধ হয়ে যাওয়ায় যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।