বকেয়া বেতন-ভাতা পরিশোধে ৪৮ ঘণ্টার সময়সীমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া থেকে প্রকাশিত দৈনিক বাংলা বুলেটিন পত্রিকার সাংবাদিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। গতকাল রোববার মানববন্ধন ও সমাবেশ থেকে পত্রিকাটির মালিককে এই সময়সীমা বেঁধে দেন সাংবাদিক সংগঠনের নেতারা।
কয়েকজন সাংবাদিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৪৪ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শহরের সাতমাথায় মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেন পত্রিকাটির সাংবাদিকেরা। পরে সমাবেশ গিয়ে বগুড়া প্রেসক্লাব, বগুড়া সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন বগুড়া, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের নেতা এবং জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকেরা একাত্মতা ঘোষণা করেন।
সমাবেশে পত্রিকাটির বেতনবঞ্চিত সাংবাদিকেরা তাঁদের কষ্টের কথা তুলে ধরেন। বক্তব্য দেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম, বগুড়া সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি এএইচএম আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক আরিফ রেহমান, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আরেকাংশের সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ও সাধারণ সম্পাদক এমআর সাইন, বাংলা বুলেটিন-এর নিজস্ব প্রতিবেদক সবুর আল মামুন, সুমন সরদার, আলমগীর হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে বকেয়া বেতন-ভাতা পরিশোধে পত্রিকাটির মালিকপক্ষকে সময়সীমা বেঁধে দেন। তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই সময়ের মধ্যে মালিকপক্ষ বেতন-ভাতা দিতে ব্যর্থ হলে সাংবাদিকেরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।