বকেয়া বেতন-ভাতার দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতন-ভাতার দাবিতে বরিশাল সিটি করপোরেশনের সহস্রাধিক কর্মকর্তা ও কর্মচারী গতকাল মঙ্গলবার একযোগে বিক্ষোভ করেছেন। তাঁরা নগর ভবনের সব কক্ষ বন্ধ করে করিডর, ভবনের সামনে এবং মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তার কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান। সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এ বিক্ষোভ চলে। সিটি করপোরেশন কর্তৃপক্ষ এক দিনের সময় চেয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
সিটি করপোরেশনের প্রশাসনিক বিভাগ সূত্র জানায়, করপোরেশনের নিয়মিত পাঁচ শতাধিক কর্মকর্তা-কর্মচারী পাঁচ মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। এ ছাড়া চুক্তিভিত্তিক (অ্যাডহক) নিয়োগ হওয়া ৫৮ কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ ১১ মাস। আর তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদেরও বেতন বন্ধ দুই মাস ধরে।
এ অবস্থায় গত সোমবার নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের গত নভেম্বর মাসের এবং চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের পাঁচ মাসের বেতন দেওয়ার কথা ছিল। রেজিস্ট্রার খাতায় তাঁদের স্বাক্ষর নিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলনও করতে বলা হয়। সে অনুযায়ী গতকাল সকাল ১০টার দিকে কয়েকজন ব্যাংক থেকে বেতন তোলেন। কিন্তু এরপরই মন্ত্রণালয়ের নির্দেশের কারণ দেখিয়ে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ৫৮ জনসহ সবার বেতন উত্তোলন বন্ধ করে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে বিক্ষোভে ফেটে পড়েন কর্মকর্তা-কর্মচারীরা।
তা ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের মতো মেয়র ও কাউন্সিলরদেরও পাঁচ মাসের বেতন বকেয়া ছিল। কিন্তু তাঁরা সোমবার বকেয়া সব বেতন-ভাতা উত্তোলন করেছেন। এতে বেতনবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা আরও ক্ষুব্ধ হন।
গতকাল বেলা ১১টার দিকে নগর ভবনে গিয়ে দেখা যায়, ভবনের সামনে বিক্ষোভ মিছিল করছেন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা। ভবনের প্রতিটি কক্ষের সামনে দাঁড়িয়ে আছেন তাঁরা। দোতলায় মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তার কক্ষের সামনে কয়েক শ কর্মী জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন। তাঁদের অনেকের হাতে ছিল বেতন উত্তোলনের ছাড়পত্র।
বিক্ষোভরত কর নির্ধারক কর্মকর্তা বেলায়েত বাবলু অভিযোগ করেন, ‘ছয় মাস বেতন পাই না। বেতন রেজিস্ট্রারে স্বাক্ষর নিলেও ব্যাংকে গিয়ে জানতে পারি টাকা দিতে নিষেধ করা হয়েছে। বাসা ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা নামিয়ে দিতে চাইছে। লজ্জায় মুখ দেখাতে পারছি না।’
চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া যানবাহন শাখার সোহাগী বেগম বলেন, ১১ মাস ধরে তাঁদের বেতন বন্ধ। এর মধ্যে পাঁচ মাসের বেতন দেওয়ার কথা থাকলেও ব্যাংকে গিয়ে জানতে পারেন, প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশে বেতন দেওয়া বন্ধ আছে।
নাম প্রকাশ না করে করপোরেশনের এক কর্মকর্তা বলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়াদের কাছ থেকে কয়েক লাখ টাকা সুবিধা নিয়ে পাঁচ মাসের বেতন দিতে চেয়েছিলেন। কিন্তু মন্ত্রণালয় তাঁদের নিয়োগে ত্রুটি থাকার অভিযোগে ৫৮ জনের বেতন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ওই নির্দেশ পাওয়ার পর প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যাংককে বলে বেতন বন্ধ করান। কিন্তু কর্মীদের কাছ থেকে টাকা নেওয়ার এই অভিযোগ অস্বীকার করে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রণজিৎ কুমার দাস প্রথম আলোকে বলেন, ‘আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ ঠিক নয়। মূলত চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ৫৮ কর্মকর্তা-কর্মচারীর নিয়োগে ত্রুটি থাকায় মন্ত্রণালয়ের নির্দেশে বেতন বন্ধ করা হয়েছে। তবে নিয়মিত ৫৩৫ কর্মকর্তা-কর্মচারীর পাঁচ মাসের বেতন বাকি পড়েছে। রাজস্ব আয়ে ঘাটতি থাকায় সমস্যায় পড়তে হয়েছে। সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
মেয়র আহসান হাবিব কামাল বলেন, ‘আমার সঙ্গে আলোচনা না করে ৫৮ জনের বেতন ওপরের নির্দেশে প্রধান নির্বাহী কর্মকর্তা বন্ধ করেছেন। অন্যদের দেওয়ার কথা থাকলেও তাঁদের অশোভন আচরণের কারণে সেটাও বন্ধ করা হয়েছে। তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের বেতন বকেয়া নেই। তাঁরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আন্দোলন করছেন।’