বকেয়া ভাতার দাবিতে চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকায় ক্লিফটন গ্রুপের তিনটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করেন। শ্রমিকেরা সড়কের ওপর অবস্থান নিয়ে পাওনা আদায়ের দাবিতে বিক্ষোভ করেন। অবরোধের কারণে বায়েজিদ সড়কের দুই দিকে প্রায় চার কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়ে মানুষ।
কারখানার মালিকপক্ষের প্রতিনিধি ও পুলিশ কর্মকর্তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে গুরুত্বপূর্ণ এই সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় এর প্রভাব পড়ে নগরের অন্য সড়কগুলোতেও।
পুলিশ সূত্র জানায়, ক্লিফটন গ্রুপের তিনটি কারখানায় প্রায় ১০ হাজার শ্রমিক কাজ করেন। তাঁরা গত দুই বছরের অর্জিত ছুটির ভাতা দাবি করে আসছিলেন। গতকাল ভাতা পরিশোধের কথা ছিল। কিন্তু বিকেল পর্যন্ত মালিকপক্ষ বকেয়া ভাতা পরিশোধ না করায় শ্রমিকেরা রাস্তায় নেমে আসেন।
কারখানার শ্রমিক মোবারক হোসেন সাংবাদিকদের বলেন, কারখানার প্রতিটি কর্মী এক বছরে ২০ দিনের অর্জিত ছুটির টাকা পান। মালিকপক্ষ এক বছরের টাকা জমা রাখেন। এরপরও ২০১৩-১৪ সালের অর্জিত ছুটির টাকা কাউকে দেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন শ্রমিকেরা।
বায়োজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধ করার পরপরই দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। মালিকপক্ষকে ডাকা হয়। পরে মালিক এবং শ্রমিকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে পুলিশ। মালিকপক্ষ বকেয়া ভাতা দ্রুত পরিশোধ করার প্রতিশ্রুতি দিলে শ্রমিকেরা রাস্তা থেকে সরে যান।