বকেয়া ভাড়ায় নগদ ব্যবসা
দোকানগুলো করা হয়েছে সরকারি জমিতে। একেকটির ভাড়া মাত্র ১৫০ টাকা। তাও দুই যুগ ধরে পরিশোধ করেন না ভাড়াটেরা। জমতে জমতে বকেয়া হয়েছে সাড়ে ১৫ লাখ টাকা। তবু সেই বকেয়া পরিশোধের নাম নেই। উল্টো ভাড়াটেরা দোকানগুলো অন্যদের কাছে পাঁচ-ছয় হাজার টাকা ভাড়া দিয়ে দিব্বি আছেন।কর্তৃপক্ষ প্রতিবছর ভাড়াটেদের একটি করে চিঠি দিয়ে দায়িত্ব শেষ করছে। অন্যদিকে, ভাড়াটেরা সরকারি সম্পত্তির কারণে গা ছাড়া ভাব দেখিয়ে নিশ্চুপ আছেন। রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ হাইস্কুল সুপার মার্কেটের ৩৫টি দোকান নিয়ে এমন বিপত্তি দেখা দিয়েছে।বাগমারা উপজেলা সদরের ভবানীগঞ্জ বাজারে ১৯৮৫ সালে স্থানীয় সরকারি উচ্চবিদ্যালয়ের ৩৫ শতক জমির ওপর হাইস্কুল সুপার মার্কেট নির্মাণ করা হয়। সেখানে ছোট-বড় ৩৫টি দোকানঘর করে সেগুলো স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বরাদ্দ দেওয়া হয়। তখন প্রতিটি দোকানের ভাড়া ১৫০ টাকা নির্ধারণ করা হয়। যদিও ওই সময় প্রতিটি দোকানের ভাড়া ছিল দেড় থেকে দুই হাজার টাকা। প্রথম দুই বছর ভাড়া পরিশোধ করলেও ব্যবসায়ীরা পরে আর ভাড়া দেননি। অভিযোগ রয়েছে, ব্যবসায়ীরা স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে দেড় শ টাকায় ভাড়া নিলেও এসব দোকান অন্যের কাছে ভাড়া দিয়েছেন পাঁচ থেকে ছয় হাজার টাকায়।ভবানীগঞ্জ হাইস্কুল সুপার মার্কেটের ব্যবসায়ী আবদুস সালাম জানান, শুরুতে এক ব্যক্তি দোকানঘরটি বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে মাসিক ১৫০ টাকায় ভাড়া নিয়েছিলেন। তাঁর কাছে মাসিক পাঁচ হাজার টাকায় ভাড়া দিয়েছেন। তাঁর মতো আরও অনেকে দেড় শ টাকা ভাড়ার দোকানঘর ছয় হাজার টাকা পর্যন্ত ভাড়া নিয়ে ব্যবসা করছেন। বিদ্যালয়ের অফিস সহকারী সাইদুর রহমান জানান, ২৫ বছর ধরে স্কুলের দোকানঘরের কোনো ভাড়া পাওয়া যায়নি। এ পর্যন্ত তাঁদের কাছে বকেয়া রয়েছে সাড়ে ১৫ লাখ টাকা।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহবুল আলম জানান, এ জন্য রাজশাহী জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছিল। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দায়িত্ব দিয়েছিলেন। ইউএনও সাদেকুল ইসলাম জানান, তিনি ভাড়াটেদের ভাড়া পরিশোধের জন্য বলেছেন। তাঁরা বকেয়া ভাড়া দিতে অস্বীকৃতি জানিয়েছেন।