বকেয়া মজুরির দাবিতে আবারও শ্রমিকদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া মজুরির দাবিতে এক সপ্তাহের মধ্যে গতকাল বুধবার সকালে দ্বিতীয়বারের মতো সড়ক অবরোধ করেছেন চট্টগ্রাম নগরের আমিন জুট মিলের শ্রমিকেরা। কারখানার সামনে অক্সিজেন-মুরাদপুর সড়ক এক ঘণ্টা অবরোধ করেন শ্রমিকেরা। এতে তীব্র যানজটের কারণে ভোগান্তিতে পড়তে হয় মানুষকে।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর একই দাবিতে আমিন জুট মিলের শ্রমিকেরা অক্সিজেন-মুরাদপুর সড়ক এবং কারখানার ভেতর দিয়ে যাওয়া চট্টগ্রাম-নাজিরহাট রেলপথ অবরোধ করেছিল। তবে গতকাল রেলপথ অবরোধ করা হয়নি।

পুলিশ জানায়, গতকাল সকাল ১০টায় শ্রমিকেরা আমিন জুট মিলের সামনে অক্সিজেন-মুরাদপুর সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন। তাঁরা সড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় গাড়ি থেকে নেমে অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

হাটহাজারী থেকে বাসে করে এসে অবরোধের কারণে অক্সিজেন মোড়ে গতকাল সকাল সাড়ে ১০টায় আটকা পড়েন নূরজাহান নামের এক যাত্রী। তিনি বলেন, ‘আমি মুরাদপুরে যাব। এখন দুই কিলোমিটার পথ হাঁটতে হবে।’

যানজটে আটকা পড়া সিএনজিচালিত অটোরিকশাচালক মো. শহিদ বলেন, যাত্রী নিয়ে তিনি অক্সিজেন যাচ্ছিলেন। কিন্তু জুট মিলের কাছাকাছি এসে অবরোধের কারণে আটকা পড়েন। যানজটের কারণে অন্য রাস্তা দিয়ে যাবেন, সে উপায়ও নেই। আধা ঘণ্টা এক জায়গায় আটকে থাকার পর যাত্রীরা বাধ্য হয়ে অটোরিকশা থেকে নেমে যান বলে জানান তিনি। বেলা ১১টার দিকে অবরোধ তুলে নেওয়ার পর যানজট পরিস্থিতি স্বাভাবিক হতে আরও আধা ঘণ্টা সময় লাগে।  

অবরোধের বিষয়ে বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, শ্রমিকেরা কিছু সময় সড়কে ছিলেন। পরে কর্তৃপক্ষ দাবি মেনে নিলে তাঁরা অবরোধ তুলে নেন।

কারখানা সূত্রে জানা গেছে, গত ঈদুল ফিতরের আগে থেকে আমিন জুট মিল কারখানার প্রায় সাড়ে চার হাজার শ্রমিকের মজুরি অনিয়মিত হয়ে পড়ে। কারখানায় দুই হাজার ২০০ স্থায়ী শ্রমিক রয়েছেন। বাকি শ্রমিকেরা অস্থায়ী। গতকাল সকাল পর্যন্ত তাঁদের আট সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে। গতকাল কর্তৃপক্ষ তিন সপ্তাহের বেতন দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু শ্রমিকেরা তা মানতে রাজি হননি। এরপরই শ্রমিকেরা বিক্ষোভ ও অবরোধ শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেন। কিন্তু শ্রমিকেরা তাদের দাবিতে অনড় ছিলেন। পরে কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিয়ে চার সপ্তাহের মজুরি দিতে রাজি হন। এরপর বেলা ১১টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকেরা।

জানতে চাইলে আমিন জুট মিলের প্রশাসনিক কর্মকর্তা আজিজ আহমদ চৌধুরী বলেন, শ্রমিকদের চার সপ্তাহের মজুরি, ঈদ বোনাস ও এক হাজার টাকা মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরপর তাঁরা বিক্ষোভ ও অবরোধ প্রত্যাহার করে নেন।

আমিন জুট মিলের সিবিএর সভাপতি মহব্বত আলী বলেন, ‘আমাদের দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ। এখন আর কোনো সমস্যা নেই। তবে আরও চার সপ্তাহের মজুরি এখন বকেয়া রয়েছে।’