বকেয়া মজুরির দাবিতে নির্বাহী প্রকৌশলীর কক্ষে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের (পওর শাখা) হাজিরাভিত্তিক শ্রমিকেরা বকেয়া মজুরির দাবিতে গতকাল বৃহস্পতিবার নির্বাহী প্রকৌশলীর কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন। পরে পুলিশ গিয়ে তালা খুলে অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করে। পানি উন্নয়ন বোর্ড ও শ্রমিকদের সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডে এজেন্টের মাধ্যমে ১৩ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়। তাঁরা প্রায় ১১ মাস ধরে মজুরি পাচ্ছেন না। বিষয়টি নিয়ে গত বুধবার নির্বাহী প্রকৌশলীর সঙ্গে তাঁদের বৈঠক হয়। বৈঠকে নির্বাহী প্রকৌশলী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও গতকাল পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ক্ষুব্ধ শ্রমিকেরা গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নির্বাহী প্রকৌশলীর কক্ষে তালা ঝুলিয়ে দেন। এ সময় নির্বাহী প্রকৌশলীসহ বেশ কয়েকজন কর্মকর্তা ওই কক্ষে অবরুদ্ধ হয়ে পড়েন। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা খুলে অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করে। শ্রমিকেরা বলেন, নিয়মিত দায়িত্ব পালন করলেও প্রায় ১১ মাস ধরে তাঁদের বেতন দেওয়া হচ্ছে না। তাঁরা পরিবার-পরিজন নিয়ে কষ্টে আছেন। বিষয়টি বারবার জানানো হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী সুজয় চাকমা প্রথম আলোকে বলেন, বরাদ্দ না আসায় মজুরি বকেয়া পড়েছে। এর পরও অন্যভাবে মজুরি দেওয়ার চেষ্টা চলছে। তিনি বলেন, বকেয়া মজুরি পরিশোধের জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিষয়টি অচিরেই সুরাহা হয়ে যাবে বলে তিনি আশা করছেন। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত।