বকেয়া মজুরির দাবিতে রেশম শ্রমিকদের দিনভর বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগে বকেয়া মজুরির দাবিতে রেশম উন্নয়ন বোর্ডের শ্রমিকেরা গতকাল বৃহস্পতিবার দিনভর রাজশাহী রেশম কারখানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন।
শ্রমিকদের অভিযোগ, চার মাস ধরে তাঁদের মজুরি পরিশোধ করা হচ্ছে না। মজুরির বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারখানা থেকে না সরার ঘোষণা দেন তাঁরা।
রাজশাহী রেশম উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, রাজশাহী রেশম বীজাগারে ৩১ জন, মীরগঞ্জ বীজাগারে ৩৫ জন এবং চাঁপাইনবাবগঞ্জ বীজাগারে ২৫ শ্রমিক দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করেন। এ ছাড়া গত জুলাই থেকে নতুন বেতন স্কেল কার্যকর হলেও এখনো তাঁদের পুরোনো স্কেলেই মজুরি দেওয়া হচ্ছে। চার মাস ধরে সেই মজুরিও বন্ধ।
কয়েকজন শ্রমিক বলেন, পুরোনো স্কেলে একজন দক্ষ শ্রমিক প্রতিদিন ২৬০ টাকা ও অদক্ষ শ্রমিক ২৩০ টাকা করে মজুরি পান। নতুন স্কেল অনুযায়ী রাজশাহী মহানগরের মধ্যে একজন দক্ষ শ্রমিক পাবেন ৫০০ টাকা, অদক্ষ শ্রমিক ৪৫০ টাকা। আর মহানগরের বাইরে একজন দক্ষ শ্রমিক পাবেন ৪৫০ টাকা, অদক্ষ শ্রমিক পাবেন ৪০০ টাকা। গত জুলাই থেকে তাঁদের নতুন স্কেলের বকেয়াসহ গত চার মাসের মজুরি পাওনা রয়েছে।
ভুক্তভোগী শ্রমিকেরা রেশম শ্রমিক লীগের ব্যানারে গতকাল সকাল সাড়ে নয়টা থেকে রাজশাহী রেশম কারখানা ঘেরাও করে বিক্ষোভ করেন। রেশম শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইসতে হাদুল ইসলাম বলেন, ‘এ অবস্থায় চার মাস থেকে বিনা পারিশ্রমিকে আমরা কাজ করছি। সামনে ঈদ। গত জানুয়ারি মাসে আমাদের সর্বশেষ মজুরি দেওয়া হয়েছে। তাও পুরোনো স্কেলে। এবার আমরা পণ করেছি, মজুরির বিষয়টি ফয়সালা না হওয়া পর্যন্ত কারখানা সামনে থেকে নড়ব না।’
ঘেরাওয়ের ফলে ভেতর আটকা পড়েন রেশম উন্নয়ন বোর্ডের উপপরিচালক সেলিম হাসান। মুঠোফোনে তিনি বলেন, গত জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত তাঁদের বরাদ্দ দেওয়া হয়। তুঁতচাষ ও তুঁতজমি রক্ষণাবেক্ষণ খাতে প্রয়োজন ৫৪ লাখ টাকা। এর বিপরীতে দেওয়া হয়েছে ৩৭ লাখ টাকা। বরাদ্দের এই ঘাটতির কারণে তিনি শ্রমিকদের মজুরি পরিশোধ করতে পারছেন না।
অবরোধের বিষয়ে রেশম উন্নয়ন বোর্ডের উপপরিচালক সেলিম হাসান বলেন, রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ও প্রকল্প পরিচালকের সঙ্গে কথা বলেছেন তিনি। রোববার পর্যন্ত তাঁরা একটা সময় চেয়েছেন। শ্রমিকদের এটাই বুঝিয়ে বলা হবে।