বরিশাল সিটি করপোরেশনের কাছে বিদ্যুৎ বিভাগের বকেয়া পড়েছে ২৭ কোটি ৬৯ লাখ টাকা। বকেয়া পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন শুরু করেছে বিদ্যুৎ বিভাগ। প্রথম ধাপে নগরের পানির পাম্প, সড়ক বাতিসহ ছয়টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এদিকে নতুন বিদ্যুৎ-সংযোগ না পাওয়ায় নগর নিরাপত্তায় বসানো ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা কোনো কাজে আসছে না। প্রতিষ্ঠার পর থেকে পরে আছে দুটি পানি শোধনাগার।
গতকাল বুধবার দুপুরে নগরের পুরানপাড়া হাউজিং পানির পাম্প, আমানতগঞ্জ কাজীর বাগান পানির পাম্প, সিকদার পাড়া পানির পাম্প, সিকদার পাড়া সড়কবাতি, আম্বিয়া হাসপাতালের সামনের পানির পাম্প ও কাউনিয়া পানির পাম্পের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বরিশাল ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি জানায়, বরিশাল সিটি করপোরেশনের কাছে বিদ্যুৎ বিভাগের ২৭ কোটি ৬৯ লাখ টাকা বকেয়া পড়েছে। বকেয়া পরিশোধের জন্য একাধিকবার চিঠি দেওয়া হলেও পরিশোধে কোনো উদ্যোগ নিচ্ছে না করপোরেশন। ঢাকার বিদ্যুৎ বিভাগ থেকে ২১ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়ে একটি চিঠি দেওয়া হয়েছে। তারপরও বকেয়া পরিশোধে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই করপোরেশনের জন্য নতুন কোনো সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। বরং আগের দেওয়া সংযোগ বিচ্ছিন্ন করা শুরু হয়েছে।
বিদ্যুৎ বিতরণ বিভাগ বরিশালের নির্বাহী প্রকৌশলী অমূল্য কুমার সরকার প্রথম আলোকে বলেন, ‘আমরা কেবল মন্ত্রণালয়ের নির্দেশ পালন করছি।’ কমপক্ষে ২০ দিন আগে মন্ত্রণালয় থেকে করপোরেশনে চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে বিশেষ বরাদ্দ থেকে বকেয়া পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। তারপরও তারা বিদ্যুতের বিল পরিশোধে কোনো রকম আগ্রহ দেখায়নি। তাই করপোরেশনের ৪৭টি সংযোগের মধ্যে ৬টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পর্যায়ক্রমে সব সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা রয়েছে বলেও জানান নির্বাহী প্রকৌশলী।
বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, এ রকম কোনো নির্দেশনার চিঠি বরিশাল সিটি করপোরেশনে আসেনি। তা ছাড়া বিশেষ বরাদ্দ দেবেও তো মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে বিশেষ বরাদ্দ আসেনি।
বরিশাল সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগ জানায়, বরিশাল সিটি করপোরেশন এবং বিদ্যুৎ বিভাগ দুটোই সেবাধর্মী প্রতিষ্ঠান। দুই প্রতিষ্ঠানের মধ্যে সমস্যা প্রাতিষ্ঠানিকভাবে সমাধান হওয়ার কথা। আন্তমন্ত্রণালয় চিঠি দিয়ে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে নাগরিকদের দুর্ভোগে ফেলবে, এটা হতে পারে না।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘এমন কোন জরুরি অবস্থা সৃষ্টি হয়েছে, যার জন্য নাগরিকদের পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে। রাজস্ব আয় কম হওয়ায় বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। অর্থ পেলেই বকেয়া পরিশোধ করা হবে।’