বকেয়া সাড়ে ৫ কোটি টাকা আদায়ে উদ্যোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন ৮৯টি বিলবোর্ড স্থাপনকারী প্রতিষ্ঠানের কাছে সাড়ে পাঁচ কোটি টাকার বেশি সাইনবোর্ড কর পাবে। প্রায় দেড় বছরেও এই অর্থ আদায়ে সিটি করপোরেশন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ রয়েছে।
তবে বিলবোর্ড ব্যবসায়ীদের কাছে কর পাওনার বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিলবোর্ড ব্যবসায়ীরা বলছেন, সিটি করপোরেশন ইতিমধ্যে সব বিলবোর্ড কেটে ফেলায় তাঁরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সিটি করপোরেশনের পাওনার ব্যাপারে তাঁদের কোনো নোটিশ দেওয়া হয়নি। সিটি করপোরেশন ২০১৪ সালের জুলাইয়ে বকেয়া সাইনবোর্ড কর পরিশোধের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছিল।
মেয়র আ জ ম নাছির উদ্দীন গতকাল শনিবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিলবোর্ড ব্যবসায়ীদের কাছে কর বকেয়া থাকার তথ্যটি আমার জানা নেই। কেউ আমাকে অবহিত করেননি। আমি কাল (আজ রোববার) অফিসে গিয়ে এ ব্যাপারে খোঁজ নেব। সিটি করপোরেশনের যদি কর পাওনা থাকে, তাহলে অবশ্যই তা আদায় করা হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং কর আদায়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সিটি করপোরেশন সূত্র জানায়, বিলবোর্ড স্থাপনকারী ৮৯টি প্রতিষ্ঠানের কাছে ২০১৪ সালের ১ জুলাই থেকে ২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত পাওনা ছিল ৫ কোটি ৫৯ লাখ ৭২ হাজার ২০২ টাকা। মোট ৫৯টি প্রতিষ্ঠানের প্রতিটির কাছে এক লাখ টাকার বেশি পাওনা রয়েছে। বকেয়া পরিশোধ না করার ক্ষেত্রে শীর্ষে রয়েছে যুবলীগ ও ছাত্রলীগের নেতাদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো। ২০১৫-১৬ অর্থবছর থেকে বিলবোর্ডের নবায়নের প্রক্রিয়াও বন্ধ রেখেছে করপোরেশন।
সিটি করপোরেশনের তালিকা অনুযায়ী, চট্টগ্রাম নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর প্রতিষ্ঠান অ্যাডভেলীর কাছে ৯৬ লাখ টাকা, সুপার সাইনের কাছে ৬৬ লাখ টাকা, গ্লোবাল মিডিয়ার কাছে ২০ লাখ ৯৪ হাজার টাকা ও ওয়ান্ডার ভিউয়ের কাছে ১৪ লাখ ৩৮ হাজার টাকা পাওনা রয়েছে। এ ছাড়া নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদের প্রতিষ্ঠান স্কাই আর্টের কাছে পাওনা ৩১ লাখ ৪২ হাজার টাকা, নগর যুবলীগের সদস্য সনৎ বড়ুয়ার মালিকানাধীন মৃত্তিকা অ্যাড ও অ্যাড গার্ডেনের কাছে যথাক্রমে ৩ লাখ ১০ হাজার টাকা ও ৫ লাখ ৩২ হাজার টাকা, চট্টগ্রাম নগর শাখা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক আরশাদুল আলমের অ্যাডফ্রেমের কাছে ১০ লাখ ৬৫ হাজার টাকা, ডিজিটাল কনসেপ্ট অ্যাড ম্যানেজমেন্ট-১ ও ২-এর কাছে যথাক্রমে ৫ লাখ ২০ হাজার টাকা ও ৮ লাখ ৪৪ হাজার টাকা।
বিলবোর্ড ব্যবসায়ীদের সংগঠন চিটাগং আউটডোর অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্কাই আর্টের ফরিদ মাহমুদ প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশন নগরের সব বিলবোর্ডই উচ্ছেদ করেছে। এতে প্রায় ১০০টি বিজ্ঞাপনী প্রতিষ্ঠান দুভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একদিকে ব্যবসা বন্ধ হয়ে গেছে, অন্যদিকে বিজ্ঞাপন প্রদর্শনের জন্য নেওয়া টাকা সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে ফেরত দিতে হয়েছে। সিটি করপোরেশনের সব বকেয়া পরিশোধ করেছেন বলে দাবি করেন তিনি।
চলতি বছরের ১৪ জানুয়ারি রাতে সিটি করপোরেশন নগরের বিলবোর্ড উচ্ছেদে অভিযান শুরু করে। মার্চ পর্যন্ত চলা এ অভিযানে নগরের সব বিলবোর্ড অপসারণ করা হয়। সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, দুই মাসের বেশি চলা অভিযানে ৪ হাজার ৯৫৮টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়।
বকেয়া পরিশোধে কোনো চিঠি দেওয়া হয়নি বলে জানিয়েছেন যুবলীগের নেতা মহিউদ্দিন বাচ্চু। তাঁর কাছে কোনো পাওনা নেই বলে দাবি করেছেন। তিনি বলেন, সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের সময় তাঁদের ২৫ শতাংশ বিলবোর্ড কেটে ফেলা হয়েছিল। কিন্তু সেগুলোরও কর ধরা হয়েছিল। ফলে টাকার পরিমাণটা বেশি হয়ে গেছে।
আরেক বিলবোর্ড ব্যবসায়ী অ্যাডওয়ে পাবলিসিটির মুজিবুর রহমান দাবি করেন, তিনি বকেয়া কর পরিশোধের জন্য সিটি করপোরেশনে চেক জমা দিয়েছেন। তিনি বলেন, ‘সিটি করপোরেশন তো সব বিলবোর্ড কেটে ফেলেছে। ব্যবসায়ীরা এখন টাকা কীভাবে পরিশোধ করবেন?’
অ্যাড গার্ডেনের সনৎ বড়ুয়া বলেন, ‘কর বকেয়া থাকার বিষয়ে সিটি করপোরেশনের পক্ষ থেকে আমাদের কোনো নোটিশ বা চিঠি দেওয়া হয়নি। তারা চিঠি দিলে পরিশোধের বিষয়ে কী করা যায় দেখব।’
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম প্রথম আলোকে বলেন, পাওনা কর পরিশোধের জন্য বিলবোর্ড ব্যবসায়ীদের চিঠি দেওয়া হবে।