বকেয়া বেতনের জালে আটকা পড়েছেন বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। চার দফা আন্দোলন করেও বকেয়ার খাতায় জমেছে ছয় মাসের বেতন-ভাতা। পঞ্চমবার কর্মবিরতি ও প্রধান নির্বাহী কর্মকর্তার কক্ষ ঘেরাওয়ের মাধ্যমে আন্দোলনে নেমেছেন তাঁরা।
গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে করপোরেশনের নিয়মিত পাঁচ শতাধিক কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে দৈনিক মজুরিভিত্তিক ১ হাজার ২০০ জন শ্রমিক কর্মবিরতির মাধ্যমে আন্দোলন শুরু করেন। বেলা তিনটা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তাঁরা।
এর আগে গত বছর ১২ এপ্রিল, ১৭ জুলাই, ৮ সেপ্টেম্বর, ১৮ সেপ্টেম্বর চারবার বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নামেন কর্মকর্তা-কর্মচারীরা। এর পরিপ্রেক্ষিতে দুই দফায় তিন মাসের বেতন-ভাতা দেওয়া হয়। বর্তমানে নিয়মিত কর্মকর্তা-বর্মচারীদের ছয় মাস এবং দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কক্ষ থেকে বের হয়ে করিডরে অবস্থান নেন। এ সময় তাঁরা করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সিটি মেয়রকে অবরোধ করেন। প্রধান নির্বাহী কর্মকর্তা এক মাসের বেতন দেওয়ার আশ্বাস দিলেও কর্মকর্তা-কর্মচারীরা আশ্বস্ত হতে পারেননি।
একই সময় নগর ভবনের সামনে দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকেরা বেতন-ভাতার দাবিতে স্লোগান দিতে থাকেন। বেলা ১টা ৫ মিনিটে মেয়র আহসান হাবিব করপোরেশনে ঢুকলে তাঁকেও অবরুদ্ধ করে রাখা হয়। পরে কাউন্সিলরদের সহযোগিতায় তিনি তাঁর কক্ষে যান। সাড়ে তিনটা পর্যন্ত মেয়রের সঙ্গে কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলরদের বৈঠক হয়।
বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, বরিশাল সিটি করপোরেশনের মাসে রাজস্ব আয় হয় মাত্র ১ কোটি টাকা। কিন্তু কর্মকর্তা-কর্মচারীদের বেতন দরকার আড়াই কোটি টাকা। রাজস্ব আয় কম হওয়ার কারণেই ছয় মাসের বেতন বকেয়া পড়েছে। তিনি আরও বলেন, ‘তাঁরা দাবি নিয়ে এসেছেন, আমি এক মাসের বেতন দেওয়ার কথা বলেছি। পর্যায়ক্রমে বকেয়া পরিশোধ করা হবে।’ এক মাস আগে যোগদানের কথা জানিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বেড়েছে দ্বিগুণ। কিন্তু রাজস্ব বাড়েনি। তাই সমস্যায় পড়তে হয়েছে।
সিটি করপোরেশনের পরিসংখ্যানবিদ স্বপন কুমার দাস বলেন, রাজস্ব আয়ের অজুহাত দেখিয়ে বেতন বন্ধ রাখা হয়েছে। কিন্তু থোক বরাদ্দ থেকে মাত্র ২৫ ভাগ টাকা দিলে এত মাস বকেয়া থাকত না। কিন্তু সে ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ।
প্রশাসন শাখার কর্মকর্তা মো. নজরুল ইসলাম অভিযোগ করেন, ‘মাস শেষে বেতন চেয়ে চিনতে নিতে হয়। মনে হয় যেন ভিক্ষা নিচ্ছি।’ পরিচ্ছন্নতা কর্মকর্তা আবুল কালাম বলেন, বেতন দেয় না। অথচ গত ছয় মাসে ২০০ কোটি টাকার কাজ করেছে।
মেয়র আহসান হাবিব প্রথম আলোকে বলেন, ‘বছরে আয় মাত্র ১৮ কোটি টাকা। কিন্তু বেতনসহ ব্যয় ৪২ কোটি টাকা। এত টাকা ঘাটতি থাকায় সমস্যা হচ্ছে। তারপরও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বৈঠক হয়েছে। দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।’