বকেয়ার দাবিতে পরিচ্ছন্নতাকর্মীদের প্রতিবাদ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া টাকার দাবিতে বগুড়ার শেরপুর পৌরসভার দিন হাজিরার শহর পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। গতকাল মঙ্গলবার সকাল থেকে পৌরসভার প্রধান ফটকে অবস্থান নিয়ে তাঁরা এই কর্মসূচি পালন করেন।
পরিচ্ছন্নতাকর্মী নজির হোসেন বলেন, পৌর কর্তৃপক্ষ দৈনিক ২০০ টাকায় দিন হাজিরা হিসেবে তাঁদের ২৩ কর্মীকে নিয়োগ দিয়েছে। কিন্তু দিন হাজিরার টাকা নিয়মিত পরিশোধ করা হয়নি। গত দুই মাস (নভেম্বর-ডিসেম্বর) তাঁরা পৌরসভা থেকে একটি টাকাও পাননি। কর্তৃপক্ষকে একাধিকবার অনুরোধ করেও কোনো সাড়া পাননি। এ জন্য পাওনা পরিশোধের দাবিতে গতকাল সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন। পরে কর্তৃপক্ষ তাঁদের পাওনা পরিশোধের আশ্বাস দিলে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করেন।
কর্মী আমির হোসেন বলেন, তাঁর ছেলে কৃষি বিষয়ে ডিপ্লোমা করছেন। নিয়মিত হাজিরার টাকা না পাওয়ায় তাঁর ছেলের মুখে তিন বেলা খাবার পর্যন্ত তুলে দিতে পারেন না। আরেক কর্মী ওসমান গণি বলেন, তাঁর স্ত্রী দুই মাস ধরে অসুস্থ। টাকা না পাওয়ায় ওষুধ পর্যন্ত কিনতে পারছেন না।
সরেজমিনে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভায় গেলে পৌরসভার মেয়র ও কাউন্সিলর কাউকে পাওয়া যায়নি।
তবে জানতে চাইলে পৌরসভার সচিব দীলিপ মহন্ত বলেন, এসব কর্মীর দিন হাজিরার দুই মাসের টাকা বকেয়া আছে। শিগগির এই টাকা পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছে।