বকেয়ার দাবিতে শৈলকুপা পৌরসভায় কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন মাসের বকেয়া বেতনভাতা পরিশোধের দাবিতে ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার ৪৫ জন কর্মকর্তা-কর্মচারী গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো তাঁদের কর্মবিরতি পালন করছেন। এতে পৌরসভায় নানা কাজে আসা সাধারণ নাগরিকেরা পড়েছেন বিপাকে। কর্মচারীরা বলছেন, সময়মতো বেতনভাতা না পেয়ে স্ত্রী-সন্তান নিয়ে বেঁচে থাকা তাঁদের জন্য কষ্টকর হয়ে উঠেছে। তাই পৌরভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন। তাঁদের এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে বলে জানিয়েছেন কর্মচারীরা। নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার এক কর্মকর্তা জানান, শৈলকুপা পৌরসভা নানা অনিয়মে ভরে গেছে। তহবিলের টাকা লুটপাট করা হচ্ছে, কিন্তু তাঁদের বেতন দেওয়া হচ্ছে না। গত বছর ৩০ চৈত্রের মধ্যে হাটবাজার ইজারার টাকা পরিশোধ করে পরবর্তী বছরের হাট আদায় শুরু করার কথা। কিন্তু পৌরসভার মেয়রের সঙ্গে আঁতাত করে ঠিকাদারেরা টাকা জমা না দিয়েই হাট ইজারা নিয়েছেন। চারটি হাট ৬৯ লাখ টাকায় ইজারা দেওয়া হলেও আজ পর্যন্ত মাত্র ২৬ লাখ টাকা জমা পড়েছে। অথচ বছর প্রায় শেষ হতে চলল। তিনি জানান, এভাবে নানা অনিয়মের কারণে পৌর তহবিলে টাকা জমা হচ্ছে না। পৌরসভার কর আদায়কারী সাজেদুর রহমান জানান, টাকার অভাবে তাঁদের যখন না খেয়ে থাকতে হয়, তখন আন্দোলন করা ছাড়া বিকল্প থাকে না। বেতনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলে তিনি জানান। পৌরসভার মেয়র খলিলুর রহমান জানান, কর্মচারীদের বেতন বেড়েছে। কিন্তু পৌরসভার আয় বাড়েনি। এ কারণে কর্মকর্তা-কর্মচারীদের বেতনের যে অংশ পৌরসভা থেকে দেওয়ার কথা সেটা দিতে একটু সমস্যা হচ্ছে। অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ইজারাদারদের একাধিকবার চিঠি দেওয়া হলেও তারা টাকা দিচ্ছে না। আবার হাট থেকে টাকা আদায় বন্ধ করতে বললেও করছে না।