বক্তব্য ছাত্রীর শিক্ষককে পেটালেন আওয়ামী লীগের নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাইয়ে বিজয় দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতা-কর্মীরা একজন শিক্ষককে পিটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের একজন ছাত্রী তার বক্তব্যে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করায় তাঁরা ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটান।তবে আওয়ামী লীগ এ অভিযোগ অস্বীকার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত রোববার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আত্রাই স্কুল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শারীরিক কসরত প্রদর্শন করছিল।৩আত্রাই পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের কসরত প্রদর্শনের সময় ওই প্রতিষ্ঠানের একজন ছাত্রী তার বক্তব্যে স্বাধীনতার ঘোষক হিসেবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম উল্লেখ করে। এতে সেখানে উপস্থিত আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা ক্ষুব্ধ হন। একপর্যায়ে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আফসার আলী, আওয়ামী লীগের কর্মী বিশ্বজিৎসহ দলীয় লোকজন মাঠে ঢুকে পড়েন। ওই ছাত্রীকে ভুল তথ্য পরিবেশনের অভিযোগ এনে তাঁরা প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষার শিক্ষক শহিদুল ইসলামকে কিল-ঘুষি মারেন। পরে তাঁকে ক্ষমা চাইতে বাধ্য করে মাঠ থেকে বের করে দেওয়া হয়। এ সময় সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা পর্যায়ের কর্মকর্তা ছাড়াও এলাকার লোকজন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিল।শিক্ষক শহিদুল ইসলাম বলেন, তিনি ছাত্রীকে ওই বক্তব্য শিখিয়ে দেননি। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে উপজেলা আওয়ামী লীগের নেতা আফসার, বাদল ও বিশ্বজিৎ তাঁকে মারধর করেছেন। শিক্ষার্থী ও কর্মকর্তাদের সামনে তাঁকে মারধর করায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ওরফে বাদল শিক্ষককে মারধর করার কথা অস্বীকার করে বলেন, ‘মাইকে একটা কথা বলা হয়েছিল। এ জন্য সেখানে উপস্থিত দলীয় লোকজন এর প্রতিবাদ করেছেন। কারও গায়ে হাত দেওয়া হয়নি।’ইউএনও হেমন্ত হেনরী কুবি বলেন, ‘মাঠে মারপিটের কোনো ঘটনা ঘটেনি। ওই শিক্ষকের নেতৃত্বে তাঁর প্রতিষ্ঠানের একটি দল মাঠে আসে। বক্তৃতায় এক ছাত্রী স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু না বলে জিয়াউর রহমান বলায় সেখানে উপস্থিত মুক্তিযোদ্ধারা আপত্তি জানান। এরপর ওই শিক্ষককে ক্ষমা চাওয়ানো শেষে মাঠ থেকে বের করে দেওয়া হয়েছে।’