বক্তব্য দিয়ে পদত্যাগ করলেন লতিফ সিদ্দিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লতিফ সিদ্দিকী
লতিফ সিদ্দিকী

জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে সংসদ সদস্যপদ থেকে ইস্তফা দিলেন দল ও মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। গতকাল মঙ্গলবার আবেগঘন বক্তব্য শেষে আরদালির মাধ্যমে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে সংসদ থেকে বের হয়ে যান তিনি। সন্ধ্যা সাতটা ২৪ মিনিট থেকে সাতটা ৩৯ মিনিট পর্যন্ত বক্তব্য দেন তিনি।
গত সেপ্টেম্বরে নিউইয়র্কে পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে বিরূপ মন্তব্য করার পর মন্ত্রিত্ব হারান এবং দল থেকে বহিষ্কৃত হন লতিফ সিদ্দিকী। আওয়ামী লীগ থেকে তাঁর সংসদ সদস্যপদ বাতিলের আবেদন করা হলে স্পিকার তা নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনে পাঠান। এ বিষয়ে নির্বাচন কমিশনের এখতিয়ার নেই বলে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি। হাইকোর্ট আবেদন খারিজ করে দেন। এরপর তিনি লিভ টু আপিল করলে ২৩ আগস্ট সুপ্রিম কোর্ট তা খারিজ করেন। একই দিন তিনি নির্বাচন কমিশনের শুনানিতে উপস্থিত হয়ে বলেন, তিনি নিজেই পদত্যাগ করবেন। এ বিষয়ে শুনানির প্রয়োজন নেই।
গতকাল সন্ধ্যায় মাগরিবের নামাজের পর টাঙ্গাইল-৪ আসনের সাংসদ লতিফ সিদ্দিকী সংসদে ঢোকেন। সংসদ নেতা শেখ হাসিনা তখন উপস্থিত ছিলেন না।
লতিফ সিদ্দিকী পয়েন্ট অব অর্ডারে দাঁড়ানোর জন্য দৃষ্টি আকর্ষণ করলে স্পিকার বলেন, ‘মাননীয় সদস্য, আপনি একটু পরে কথা বলেন।’ এ সময় স্পিকার বিরোধীদলীয় নেতাকে কথা বলার সুযোগ দেন।
এরপর লতিফ সিদ্দিকীকে কথা বলার সুযোগ দিলে তিনি বলেন, ‘আমি মুসলমান, আমি বাঙালি, আমি আওয়ামী লীগার। এ পরিচয় মুছে দেওয়ার মতো কোনো শক্তি পৃথিবীর কারও নেই। কারণ, এ আমার চেতনা, আমার জীবনবেদ, প্রাণের রসদ, চলার সুনির্দিষ্ট পথ।’
নির্বাচন কমিশনে পাঠানো স্পিকারের চিঠির বিষয়ে আপত্তি তুলে লতিফ সিদ্দিকী বলেন, সংবিধানের ৬৬ অনুচ্ছেদের ৪ দফায় বর্ণিত নির্দেশনা হলো কোনো ব্যক্তির সংসদ সদস্য প্রার্থী হওয়ার যোগ্যতা ও থাকা বিষয়ক। এ ক্ষেত্রে ৬৬ অনুচ্ছেদের ২ দফা এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদের নির্দেশনার ব্যাপারটি স্পষ্ট। স্পিকারের চিঠিতে সংসদের সার্বভৌমত্ব ক্ষুণ্ন ও সংবিধানের অপব্যাখ্যা হয়েছে। স্পিকার সংসদ সদস্যের আসন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া যথাযথ কি না, সে ব্যাপারে প্রশ্ন থেকেই যায়।
লতিফ সিদ্দিকী বলেন, ‘মনে হয়েছে, আমার নেতার অভিপ্রায়, আমি আর সংসদ সদস্য না থাকি। কর্মী হিসেবে নেতার একান্ত অনুগত ছিলাম। বহিষ্কৃত হওয়ার পর এর ব্যত্যয় কিংবা ব্যতিক্রম সমীচীন মনে করি না। আমার প্রতিবাদ ছিল প্রতিকার পাওয়ার, এখন দ্বিধাহীন কণ্ঠে কারও বিরুদ্ধে কোনো ঘৃণা-বিদ্বেষ উগড়ে না দিয়ে কোনো অভিযোগ উত্থাপন না করে হৃষ্টচিত্তে বাংলাদেশ জাতীয় সংসদের আসন ১৩৩, টাঙ্গাইল-৪ সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ করছি।’
বের হয়ে যাওয়ার সময় লতিফ সিদ্দিকী সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ধর্মমন্ত্রী মতিউর রহমান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাংসদ জাহিদ আহসান রাসেলসহ কয়েকজনের সঙ্গে করমর্দন করেন।