বক্তব্য দিয়েও শঙ্কা প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘টৈটং জনপদের একটি বাহিনীর হাতে আমি নিজেই আক্রান্ত হয়েছি। এদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে সুস্থ শরীর নিয়ে বাসায় ফিরতে পারব কি না, শঙ্কায় আছি। তার পরও টৈটংয়ের মানুষের ওপর যাতে আর আঘাত না আসে, সে জন্য এসব বাহিনী নির্মূল হওয়া দরকার।’
কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়ন পরিষদে আয়োজিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত জরুরি সভায় এভাবে নিজের শঙ্কার কথা প্রকাশ করলেন সাবেক ইউপি চেয়ারম্যান রমিজ আহমদ। গতকাল রোববার বিকেলে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর শওকত হোসেন। বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রকিব। এ ছাড়া বক্তব্য দেন পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দিন ফরায়েজী, সাবেক চেয়ারম্যান মো. শহিদুল্লাহ, আওয়ামী লীগের নেতা কামাল হোসেন প্রমুখ।
সাবেক চেয়ারম্যান শহিদুল্লাহ বলেন, ‘রাজনীতিবিদেরা সন্ত্রাসী বাহিনী লালন করছে বলেই সন্ত্রাস-অপকর্ম হচ্ছে। বাড়িঘরে নিরাপত্তা নেই, চলাচলের নিরাপত্তা নেই। যে কেউ যেকোনো সময় হামলার শিকার হচ্ছে। এমন হলেও বিচিত্র কিছু হবে না যে এই আইনশৃঙ্খলা সভা থেকে বের হয়ে যদি কোনো বাহিনীর হাতে আমি হামলার শিকার হই।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দিন ফরায়েজী বলেন, ‘আমরা টৈটং জনপদের মানুষ দা বাহিনী, বোরকা বাহিনীর হাত থেকে বাঁচতে চাই।’
ইউএনও মীর শওকত হোসেন বলেন, ‘আজ থেকে টৈটংয়ে কোনো বাহিনী থাকবে না। প্রশাসন এখন আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স দেখাবে। সন্ত্রাসী যে দলেরই হোক, তাকে আর ছাড় দেওয়া হবে না।’
গত এক মাসে টৈটং ইউনিয়নে দা বাহিনী ও বোরকা বাহিনীর হাতে এক বৃদ্ধ খুনসহ শতাধিক লোক আহত হয়েছেন। হাত-পা বিচ্ছিন্ন হয়ে পঙ্গুত্ববরণ করেছেন অন্তত ১০ জন ব্যক্তি। এর পরিপ্রেক্ষিতে গতকাল প্রশাসন ওই আইনশৃঙ্খলা-সংক্রান্ত জরুরি সভাটি করে।